প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কিছু দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানানো হয়েছে যে, ইরানে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে। এই অনুরোধের প্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি আপাতত ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনশিল্প ধ্বংস করতে সক্ষম।
হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি দাবি করেছেন যে, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তিনি ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, দয়া করে আপাতত পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকতে দিন।’ তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলে জানান। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত।’ সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে, উপসাগরীয় দেশগুলো যদি অনুরোধ না জানাতো, তাহলে কি তিনি ইরানে হামলা চালাতেন, ট্রাম্প জবাব দেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, চাইলে এসব স্থাপনা ধ্বংস করতে তার বেশি সময় লাগবে না।
তিনি বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’
এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন