প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবার নরসিংদীতে দেশটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আবারও স্টুডিওর গণ্ডি পেরিয়ে শিকড়ের সন্ধানে পৌঁছে গেছে। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবারের নতুন পর্বটি ধারণ করা হয়েছে নরসিংদী জেলায়।
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনপদের অজানা গল্প তুলে ধরার লক্ষ্যে এবারের আয়োজনের জন্য এই প্রাচীন জনপদটি বেছে নেওয়া হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এবারের আকর্ষণীয় মঞ্চ নির্মাণ করা হয়। অনুষ্ঠানটিকে ঘিরে পুরো জেলা জুড়েই উৎসবের আবহ ছিল।
দুপুরের পর থেকেই দর্শকরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছিলেন। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে হাজারো মানুষ ধারণস্থলে উপস্থিত হয়। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ।
স্থানীয়দের মতে, নরসিংদীতে এর আগে কোনো সাংস্কৃতিক আয়োজনে এত বিপুল জনসমাগম দেখা যায়নি। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল, রাস্তার পাশ এমনকি গাছের ডালেও অবস্থান করে অনুষ্ঠানটি উপভোগ করেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা তারা উপভোগ করেন তাদের প্রিয় অনুষ্ঠানটির ধারণ।
এবারের পর্বে দুটি বিশেষ গান থাকছে। এর একটি পরিবেশন করেছেন নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের কথায় নির্মিত ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীত পরিচালনা ইমন নিজেই করেছেন।
অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে পরিবেশিত হবে একটি বর্ণাঢ্য নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনা অংশটি কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
প্রতিবারের মতো এবারও দর্শকপর্বে কুইজ প্রতিযোগিতা চালু ছিল। নরসিংদীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন বিজয়ী নির্বাচিত হন। পরে তারা জেলার ঐতিহ্যবাহী পণ্যকে কেন্দ্র করে নির্মিত একটি মজার নাট্যাংশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে একাধিক তথ্যভিত্তিক প্রতিবেদন। এখানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট এবং জেলার জিআই স্বীকৃত পণ্য অমৃতসাগর কলা ও লটকনের নানা তথ্য তুলে ধরা হবে।
এছাড়াও, খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন প্রবীণ চিত্ত রঞ্জন মহালদারকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন থাকবে, যেখানে তাঁর সংগ্রাম ও অদম্য জীবনশক্তির গল্প প্রচার করা হবে।
বিদেশি প্রতিবেদন অংশে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। সেখানে বিশ্বখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’-এর মনোমুগ্ধকর দৃশ্য দেখানো হবে।
অনুষ্ঠানে কাশেম টিভির সাংবাদিক ও তাঁর নাতির মজার কথোপকথন, পাশাপাশি চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক নানা সামাজিক অসঙ্গতি নিয়ে একটি ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকবে। ভাঙতি সংকট, দুর্নীতি, সামাজিক সম্পর্ক, জনসচেতনতা ও নানা সমকালীন বিষয় এতে তুলে ধরা হবে।
বরাবরের মতো এই অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। উল্লেখ্য, অনুষ্ঠানটির নরসিংদী পর্বটি আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন