প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবশেষে এক টেবিলে উপস্থিত হলেন দুই ‘বব’। তারা উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম অঞ্চলের বাসিন্দা। একজন ‘বব’ হলেন কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলান, যিনি মিনেসোটায় জন্মগ্রহণ করেন। অপর ‘বব’ হলেন পোপ লিও চতুর্দশ, যিনি ইলিনয়ে জন্মগ্রহণ করেছেন। পোপের পারিবারিক নাম রবার্ট প্রেভোস্ট, যাকে সাধারণত বব নামে ডাকা হতো। বুধবার ভ্যাটিকানের অ্যাপোস্টোলিক প্যালেসে কবি ববের সঙ্গে পুরোহিত ববের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পোপ ঐতিহ্যবাহী সাদা ধর্মীয় পোশাক পরিধান করেছিলেন এবং বব ডিলান পরেছিলেন একটি কালো কোট, কালো গ্লাভস ও একটি কালো হুডি।
ঐতিহাসিক এই সাক্ষাতের মধ্যস্থতা করেন রেভারেন্ড আন্তোনিও স্পাদারো। তিনি ভ্যাটিকানের একজন কর্মকর্তা, যিনি চার্চের সঙ্গে বৃহত্তর সংস্কৃতির সেতুবন্ধন তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। চলতি বছরের শুরুতে পোপ লিওর সঙ্গে পাত্তি স্মিথের একটি বৈঠকেরও ব্যবস্থা করেছিলেন স্পাদারো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ইতিহাসের অংশ হওয়া এমন একটি ঐতিহাসিক সাক্ষাতের মুহূর্তটিতে আবেগময় হয়ে না পড়াটা কঠিন ছিল। অ্যাপোস্টোলিক প্যালেসের প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল, এখানে যেকোনো কিছু ঘটে যেতে পারে!’
৭১ বছর বয়সী পোপ লিও, যিনি শিকাগোয় জন্মগ্রহণ করেছেন, বব ডিলানের গানের ভাণ্ডার সম্পর্কে যথেষ্ট অবগত। গত জুলাই মাসে প্রকাশিত তার বক্তব্য ও চিন্তাভাবনার একটি বইয়ের ভূমিকায় তিনি ১৯৬৩ সালের ডিলানের একটি অপ্রকাশিত গান ‘গো অ্যাওয়ে ইউ বোম্ব’-এর উদ্ধৃতি দিয়েছিলেন। ১৯৬৩ সালের গানটি ছিল মূলত পারমাণবিক অস্ত্রবিরোধী একটি প্রতিবাদী গান। বর্তমান পোপ লিওও ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করে আসছেন এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ক্যাথলিক চার্চের বিরোধিতার ওপর জোর দিয়েছেন।
এটি ডিলানের প্রথম পোপের সঙ্গে সাক্ষাৎ নয়। ১৯৯৭ সালে ইতালির বোলোনিয়ায় পোপ জন পল দ্বিতীয়-এর উপস্থিতিতে একটি চার্চের অনুষ্ঠানে ডিলান তার কিছু বিখ্যাত গান পরিবেশন করেছিলেন। সে সময় পোপ জন পল দ্বিতীয় ডিলানের একটি বিখ্যাত গানের লাইন উল্লেখ করে বলেছিলেন, “তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে— একজন মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে তাকে কতগুলো পথ পাড়ি দিতে হয়? আমি তোমাকে উত্তর দিচ্ছি : একটি! মানুষের জন্য কেবল একটি পথ রয়েছে আর তা হলো খ্রিস্ট, যিনি বলেছিলেন- ‘আমিই পথ’।”
ভ্যাটিকানের নিজস্ব সংবাদপত্রের পক্ষ থেকেও এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ডিলানের প্রকৃত নাম ব্যবহার করে বলা হয়েছে যে, ’পোপ জনাব রবার্ট অ্যালেন জিমারম্যানকে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে স্বাগত জানিয়েছেন।’ সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন