প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে থাকা ১৬ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। তবে বাসটির অধিকাংশ আসন, জানালা ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেঘলা পরিবহনের একটি বাস রূপগঞ্জের গাউছিয়া থেকে ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। বাসটি সানারপাড় এলাকায় পৌঁছালে দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর কিছু সময় পর বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়।
আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে বাসের পেছনে যাওয়া ওই দুই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের অধিকাংশ আসন, জানালা ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানিয়েছেন, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে বাস থেকে নামতে সক্ষম হন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে সবাই বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন