প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চোখে আলো নেই, তবে থেমে থাকার কোনো চিন্তা করেননি। অদম্য ইচ্ছাশক্তি এবং সহযাত্রীদের সহযোগিতায় সৌদি নাগরিক রাশাদ নাকিব হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে নেপালের মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছেছেন। তিনি প্রথম দৃষ্টিহীন সৌদি নাগরিক, যিনি এই মাইলফলক অর্জন করেছেন।
অন্য সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে ৯ দিনের অভিযানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত বেজ ক্যাম্পে পৌঁছান নাকিব। তীব্র শীত, পাথুরে পথ এবং বরফাচ্ছাদিত দুর্গম ভূখণ্ড পাড়ি দিতে তাঁকে ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করতে হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আল-শাইবানি উল্লেখ করেছেন যে, নাকিবকে নিয়মিতভাবে পথের পরিবর্তন, উঁচু ঢাল কিংবা সামনের বাধা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন তিনি। নাকিব তাঁর কণ্ঠস্বর এবং পাথরের ওপর বুটের শব্দ শুনে পথের অবস্থান বুঝতে পারতেন। একইসঙ্গে হাতের লাঠি ও পায়ের নিচের মাটি স্পর্শ করে দিক নির্ধারণ করতেন।
এর আগে এভারেস্ট জয় করা আল-শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল সম্পূর্ণ ভিন্ন। তাঁর ভাষায়, আগে এভারেস্টের চূড়ায় দাঁড়ালেও নাকিবের সঙ্গে এই মুহূর্তটি ছিল বিশেষ অনুভূতির।
অন্যদিকে, নাকিব এই অভিযানকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই সাফল্য শারীরিক প্রতিবন্ধকতা জয় করে লক্ষ্য অর্জনে অন্য তরুণদের অনুপ্রাণিত করবে।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদেরও কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নেওয়ার সাহস জোগানো। এ অভিযানের অভিজ্ঞতা এবং মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে, যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র : সিয়াসাত ডেইলি/সৌদি গেজেট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন