প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) চিকিৎসাধীন গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি মো. শামিনুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
রাজশাহী জেলার বাসিন্দা শামিনুল ইসলাম (৪৯) গত ১২ নভেম্বর কর্মস্থলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার কোমরের হাড় ভেঙে গেছে।
দুর্ঘটনার পর তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করছেন।
আজ দেশটির বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিনুলের শারীরিক অবস্থার খোঁজখবর হাইকমিশনার নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তিনি আলোচনা করে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হন।
এ সময় চিকিৎসকরা শামিনুলের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে স্থানান্তরের পরামর্শ দেন। হাইকমিশন এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ গ্রহণ করছে, যাতে তার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন করা যায়।
হাইকমিশনার বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বিদেশের মাটিতে কর্মরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘কোনো প্রবাসী দুর্ঘটনা, অসুস্থতা বা সংকটের সম্মুখীন হলে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় মানবিক ও কনস্যুলার সহযোগিতা প্রদান করা আমাদের দায়িত্ব। আমরা চাই, প্রত্যেক প্রবাসী বিদেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে জীবনযাপন ও কর্মসংস্থানের সুযোগ পান।’
হাইকমিশনার আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আহত শামিনুল ইসলামের চিকিৎসা ও পরবর্তী প্রয়োজনীয় সহযোগিতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মালদ্বীপের সরকার, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসাসেবা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আহত এই প্রবাসীর উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে হাইকমিশনার আশা প্রকাশ করেন।
মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির চিকিৎসা, নিরাপত্তা, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণে বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে।
অসুস্থ, দুর্ঘটনায় আহত কিংবা জরুরি পরিস্থিতিতে পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার ও মানবিক সহায়তা প্রদান হাইকমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিদেশে কর্মরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের কল্যাণ ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার বাস্তবায়নে হাইকমিশনের মানবিক ও কনস্যুলার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন