প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানে আলু একটি জনপ্রিয় খাদ্য উপাদান হিসেবে পরিচিত। চালের পাশাপাশি, দেশটির খাদ্য তালিকায় আলুরও একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। জাপান তার মোট খাদ্য চাহিদার ৬০ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করে। তবে দেশীয় কৃষি ও খাদ্য উৎপাদন রক্ষায় আলুর চাষকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে, এই পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে, ৭৬ বছর ধরে চলা যুক্তরাষ্ট্রের আলু আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগোচ্ছে জাপান। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির আলুচাষিরা। তাঁদের আশঙ্কা, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে দেশীয় কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আলুর মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় জাপানে প্রবেশ করে কৃষিজমির ক্ষতি করতে পারে। আমদানি করা আলুর মান নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।
২০০৬ সালে, জাপান যুক্তরাষ্ট্রের আলু আমদানির ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে। তখন শুধু আলুর চিপস তৈরির জন্য মার্কিন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে পোকামাকড় ও রোগের বিস্তার ঠেকাতে এসব আলু সিল করা কন্টেইনারে আনতে হয় এবং পরে উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করতে হয়। কিন্তু নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হলে, ১৯৫০ সালের পর প্রথমবারের মতো তাজা মার্কিন আলু জাপানের রেস্তোরাঁ ও সুপারমার্কেটে বিক্রি করা সম্ভব হবে।
জাপানের হোক্কাইদো অঞ্চলের ‘জাপান এগ্রিকালচার’ গ্রুপের কর্মী তোশিহিদে নুমাসাওয়া জানিয়েছেন, তাঁরা বারবার মার্কিন আলু আমদানির বিরোধিতা করেছেন। জাপানের মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশই হোক্কাইদোতে হয়। তিনি উল্লেখ করেন, তাঁদের বিরোধিতার প্রধান কারণ হলো আমদানি করা আলুর মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় ও রোগ দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা। এতে হোক্কাইদোর আলু উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে।
১৫৯৮ সালে, ডাচ ব্যবসায়ীরা জাপানে প্রথম আলু নিয়ে আসেন। প্রথমে এটি শখের উদ্ভিদ হিসেবে পরিচিত ছিল, কিন্তু ১৮০০-এর দশকের মাঝামাঝি সময়ে ভাতের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে শীতল আবহাওয়ার কারণে হোক্কাইদোতে ধান চাষ কঠিন হওয়ায় আলু গুরুত্বপূর্ণ খাদ্য হয়ে ওঠে। বর্তমানে, জাপানের জনপ্রিয় খাবার মাখন দিয়ে সেঁকা আলু ‘জাগা বাতা’ এবং আলুর সালাদ তৈরিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হোক্কাইদোর পরিচিত আলুর জাত ‘দানশাকু’ নরম ও শ্বেতসারসমৃদ্ধ হওয়ায় বিভিন্ন খাবারে বেশ জনপ্রিয়। তবে হোক্কাইদোর আলুচাষিরা পোকামাকড়ের আক্রমণ, বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রামীণ এলাকায় জনসংখ্যা কমে যাওয়ার মতো সমস্যার মুখে পড়ছেন।
জাপানে ৯০টির বেশি জাতের আলু উৎপাদিত হয়। ২০২৪ সালে, দেশটির মানুষ ৩৫ লাখ টন আলু খেয়েছেন, যার মধ্যে ১২ লাখ টন ছিল আমদানি করা। যুক্তরাষ্ট্রের আলু আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা এখন নতুন কৃষিমন্ত্রী আরাতা তাকেবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, বৈজ্ঞানিক ও কারিগরি দিকগুলো ভালোভাবে যাচাই না করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত নয়।
যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানি শুরু হলে, ক্ষতিকর পোকা ও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জাপানের কৃষকেরা। দেশটির সরকার এ ধরনের ২১টি রোগ ও পোকার ঝুঁকি চিহ্নিত করেছে। এর মধ্যে আলুর শিকড় ক্ষতিগ্রস্ত করে গাছের বৃদ্ধি কমিয়ে দেওয়া দুই ধরনের কৃমি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। এই কৃমিগুলো মাটিতে ১৫ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে।
এ বছরের শুরুতে, মার্কিন কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতা ট্রাম্পকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে মার্কিন তাজা আলুর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এক চিঠিতে তাঁরা বলেন, মার্কিন কৃষকেরা বিশ্বের সেরা আলু উৎপাদন করেন। জাপানের বিশাল বাজারে এসব আলু রপ্তানির বড় সুযোগ রয়েছে।
ট্রাম্প তার প্রথম মেয়াদেও বিষয়টি জাপানের কাছে উত্থাপন করেছিলেন। এবারও তিনি জাপান সরকারকে এ বিষয়ে আলোচনা শুরু করতে রাজি করিয়েছেন। এমন সময় এই উদ্যোগ নেওয়া হলো, যখন নীতির কারণে গ্রামীণ আমেরিকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমর্থকদের দাবি, এতে জাপানে আলুর দাম কমবে এবং মার্কিন কৃষকেরা বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের রপ্তানি আয় করতে পারবেন। তবে হোক্কাইদোর কৃষকেরা এর বিরোধিতা করছেন। তাঁদের আশঙ্কা, ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।
হোক্কাইডো এগ্রিকালচারাল কর্পোরেশনস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, হোক্কাইদোর কৃষি রক্ষা করা মানে জাপানের ভবিষ্যৎ খাদ্য সরবরাহ নিশ্চিত করে এমন একটি উৎপাদনব্যবস্থাকে রক্ষা করা।
হোক্কাইদোর আলুচাষি নাওহিরো মাকিনোও নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে। তিনি আসাহি শিমবুনকে বলেন, ক্ষতিকর পোকামাকড় একবার ছড়িয়ে পড়লে ওই এলাকায় এক দশকেরও বেশি সময় আলু চাষ করা সম্ভব হবে না। পূর্বপুরুষদের রেখে যাওয়া কৃষিজমি রক্ষার স্বার্থেই তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধিতা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন