প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বে দুই ম্যাচে জয়লাভ করে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। তাদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে দলটি। এই ম্যাচে জয়লাভ করলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
অন্যদিকে, ইংল্যান্ডের জন্য এই ম্যাচ হারলে ফাইনালে খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। এখন পর্যন্ত ইংল্যান্ড ২ ম্যাচ খেলে একটি ম্যাচও জিততে পারেনি। টুর্নামেন্টের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ২ ম্যাচের মধ্যে ১টিতে জয়লাভ করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে আছে।
লাহোরে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচটি বাংলাদেশ সময় রোববার দুপুর ২টায় শুরু হবে।
পাকিস্তান তাদের ত্রিদেশীয় সিরিজ শুরু করে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ রানে জয়লাভ করে। সালমান আগারের ১০৭ রানের সুবাদে তারা ৩০৫ রানের সংগ্রহ পায়। এরপর বোলারদের অসাধারণ নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২৬৮ রানে অলআউট করে জয় নিশ্চিত করে পাকিস্তান।
পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০২ রান করে পাকিস্তান। দুই মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজের ৭৯ ও আরাফাত মিনহাসের ৫৯ রানের সাহায্যে তারা ৯ উইকেট হারিয়ে এই রান করে। পরবর্তীতে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাসের ঘূর্ণিতে ইংল্যান্ড ২১৫ রানে অলআউট হয়। ৮৭ রানের জয় নিয়ে পাকিস্তান পূর্ণ ৪ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে উঠে যায়।
মিনহাস ৪০ রানে ৬ উইকেট নেন।
পাকিস্তানের কাছে পরাজয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। লঙ্কানদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ইনিংসে তারা ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে। ১১৪ বলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ব্রুক। শেষ পর্যন্ত ২১টি চার ও ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক।
তবে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৪২৯ রানের লক্ষ্য ১ বল বাকী রেখে স্পর্শ করে শ্রীলঙ্কা। পাবান রত্নানায়েকে ১০৬ বলে ১৩০, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকা ৯৭ রান করেন।
টানা দুই ম্যাচ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, “ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আশা করছি এ ম্যাচ দিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো। দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।”
হ্যাটট্রিক জয়ে চোখ রেখে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মিনহাস বলেন, “দলের সবাই দারুণ ছন্দে আছি। প্রথম দুই ম্যাচে দল হিসেবে সেরা পারফরমেন্স করেছে সতীর্থরা। পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে তৃতীয় জয়ের স্বাদ নিতে চাই আমরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন