প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পূর্বদি এলাকায় নির্মীয়মাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মামি ও ভাগ্নির মৃত্যু ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন জুলিয়া (২২) এবং ১৬ বছর বয়সী রাবেয়া।
দুজনের বাসস্থান দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায়। জুলিয়ার স্বামী শফিকুল ইসলাম বর্তমানে কুয়েতে কর্মরত আছেন। জুলিয়ার ১৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। রাবেয়া স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এলাকার স্থানীয়রা জানিয়েছেন, জুলিয়ার মৃত্যুর খবর পেয়ে তার স্বামী শফিকুল ইসলাম দেশে ফিরতে রওনা দিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে পরিবারের ছয় সদস্য নির্মাণাধীন ক্যাম্পাসের পুকুরে গোসল করতে যান। সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা পরে তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে স্থানীয়রা পানিতে ডুবে যাওয়া দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন