প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক এলাকার ১৮টি পাড়ার শিশু ও সাধারণ মানুষের জন্য এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৫০ জনের বেশি শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিভিন্ন টিকা প্রদান করা হয়। হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্স ভ্যাকসিনসহ অন্যান্য টিকাও দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ ৭৫ থেকে ৮০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৫৭ বিজিবি। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদারে কাজ করছে বাহিনীটি। সীমান্তবর্তী দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন