প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভারতের সব ক্যাটাগরির ভিসা এখন পুরোপুরি উন্মুক্ত।
তিনি রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
ভিসাপ্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি স্বীকার করে ডেপুটি হাইকমিশনার বলেন, “ভারতীয় ভিসা ব্যবস্থা এখন সম্পূর্ণ খোলা রয়েছে। গত প্রায় চার মাস ধরে আমরা সব ক্যাটাগরির ভিসা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্লট বুকিং। আমরা অসাধু এজেন্ট ও দালালদের দৌরাত্ম্য পুরোপুরি এড়াতে পারছি না। তারা আগাম স্লটগুলো ব্লক করে রাখে, যার ফলে সাধারণ নাগরিকরা সরাসরি স্লট না পেয়ে বাধ্য হয়ে এসব এজেন্টের শরণাপন্ন হচ্ছেন।”
পবন বাদেহ আরও বলেন, “আমরা প্রতিদিন আমাদের সিস্টেম ও ওয়েবসাইট উন্নত করার জন্য কাজ করছি। সিকিউরিটি ফিচার শক্তিশালী করা হচ্ছে, যেন সাধারণ মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিজেরা আবেদন করে ভিসা পেতে পারেন। গত কয়েক মাসে এ ক্ষেত্রে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে এবং বর্তমানে অনেকেই নিজে নিজে আবেদন করে সফলভাবে ভিসা পাচ্ছেন।”
দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় ডেপুটি হাইকমিশনার বলেন, “আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। মা দুর্গা আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারকে সুখ, সমৃদ্ধি ও শান্তি দান করুন। পূজা উপলক্ষে সরকার ও স্থানীয় প্রশাসন যে সুদৃঢ় নিরাপত্তা ও সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি সব জায়গায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে।”
এর আগে ডেপুটি হাইকমিশনার কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি ঘুরে দেখেন এবং পরে দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহ্যবাহী বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন