প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন নামের সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর গলা কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিবেশী আলী আকবরের ছেলে রাসেল শিকদারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আলী আকবরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মৃত সোয়াইফ হোসেন ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পত্তির ছেলে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আলী আকবরের ছেলে আবু আলম শিকদার ও রাসেল শিকদার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু সোয়াইফ। পরে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আবু আলম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে শিশুটির গলা কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, প্রতিবেশী আলী আকবর শিকদারের সঙ্গে সেলিম সরদারের পরিবারের গত শুক্রবার সন্ধ্যায় ঝগড়া হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয় আলী আকবরের পরিবার।
শিশুটির বাবা সেলিম সরদার অভিযোগ করে বলেন, "শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মায়ের সঙ্গে প্রতিবেশী আলী আকবরের ঝগড়া হয়। রাতে মা বিষয়টি আমাকে জানায়। আজ সকালে আমি বাজার থেকে এসে দেখি আমার সন্তান নেই। আমি থানায় গিয়ে জিডি করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজি করে আলী আকবরের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দি গলা কাটা মরদেহ উদ্ধার করে। আমার ছেলেকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।"
এদিকে অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন এ বিষয়ে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। যারাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন