প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি বিশেষ অভিযানে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অভিযানের সময় সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে মো. হোসেনকে (৫০) আটক করা হয়। একই ঘটনায় ওই এলাকার বসুর ছেলে মো. শাকেরকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল নামক স্থান দিয়ে নাফ নদী হয়ে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ কারণে সাবরাং বিওপির বিশেষ টহল দল ১টি স্পিডবোটসহ নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে রাতে বিজিবির বিশেষ টহল দলের থার্মাল ইমেজার এবং রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আগত ২ জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। বিজিবির আভিযানিক দল তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে উক্ত ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে ১ জন সন্দেহভাজন ব্যক্তি সাঁতরে পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল অপর ১ জন ব্যক্তিকে ১টি বস্তাসহ নাফ নদী থেকে আটক করে। আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন