প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর হামলার ফলে সোমালি-আমেরিকান উবার চালক মোহাম্মদ ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক বিবৃতিতে জানায়, ৫১ বছর বয়সি ইউসুফ শনিবার হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে মৃত্যুবরণ করেন।
হামলার শিকার হওয়ার পর ১৪ নভেম্বর থেকে তিনি কোমায় ছিলেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারী তাকে গাড়ির সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং পরে তার নিজের গাড়ি দিয়ে চাপা দেয়। এরপর তাকে একটি খাদে ফেলে দেওয়া হয়।
মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কেয়ার-মিনেসোটা এক বিবৃতিতে জানায়, ‘ইউসুফের পরিবার, স্বজন, সহকর্মী চালক এবং তার পাশে দাঁড়ানো কমিউনিটির সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’
এই ঘটনার জন্য সন্দেহভাজন সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে প্রথমে দ্বিতীয় মাত্রার হত্যাচেষ্টার একটি এবং প্রথম মাত্রার গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন, অভিযোগ পরিবর্তন করে দ্বিতীয় মাত্রার ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হবে।
আদালতের নথি অনুযায়ী, যাত্রী ওঠানোর সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তার ভাইও একজন উবার চালক। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, যাত্রীকে গাড়িতে তোলার পর ওই ব্যক্তি ইউসুফকে জানান, তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না।
পরে ইউসুফের ভাই ফোনে তার চিৎকার শুনতে পান। ইউসুফ সোমালি ভাষায় চিৎকার করে বলছিলেন, তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
এর আগে কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছিলেন, হামলাটি বিদ্বেষপ্রসূত বা জাতিগত-ধর্মীয় পক্ষপাত থেকে করা হয়েছে—এমন অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো তাদের হাতে নেই।
ইউসুফের পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে মুস্তাফা ওসমান চলতি মাসের শুরুর দিকে জানান, তার বাবা ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এই হামলার ঘটনায় মিনেসোটার সোমালি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিনেসোটায় সবচেয়ে বড় সোমালি জনগোষ্ঠীর বসবাস। তাদের অধিকাংশই মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় বসবাস করেন। এ জনগোষ্ঠীর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই যুক্তরাষ্ট্রের নাগরিক।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের সোমালি-আমেরিকানদের নিয়ে বক্তব্য এবং এ বছর মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকারকর্মী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন