প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। বৃষ্টির ফলে ঢাকার বাতাস কিছুদিনের জন্য পরিষ্কার থাকলেও, দূষণের মাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৮৯, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। গত বৃহস্পতিবার একই সময়ে বায়ুমান সূচক ছিল ২৩৯। অর্থাৎ, রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান সূচকের পরিবর্তন ঘটতে পারে।
আজ বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম চারটি শহরের বাতাস খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই শহরগুলো হলো আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও কলকাতা। শহগুলোর বায়ুমান সূচক যথাক্রমে ২৯৭, ২৯৩, ২৬৪ ও ২৩৪।
ঢাকা ছাড়াও বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা অন্যান্য শহরের মধ্যে রয়েছে কাতারের দোহা, বাহরাইনের মানামা, পাকিস্তানের করাচি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের মুম্বাই ও ভিয়েতনামের হ্যানয়।
এছাড়া, তালিকায় ১১টি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই শহগুলো হলো চীনের উহান, সাংহাই, শেনজেন ও চেংদু, উগান্ডার কাম্পালা, যুক্তরাজ্যের বার্মিংহাম, ভিয়েতনামের হো চি মিন সিটি, মিয়ানমারের ইয়াঙ্গুন, মিসরের কায়রো, সৌদি আরবের রিয়াদ এবং মেক্সিকোর মেক্সিকো সিটি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়।
সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে এটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক হিসেবে ধরা হয়।
বায়ুদূষণ বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন