প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার পর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র সেতুর ঢালে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, আহত সকলেই যশোর এমএম কলেজের ছাত্রশিবির কর্মী।
পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর এমএম কলেজের ৪৫ থেকে ৫০ জন ছাত্রশিবির কর্মী নড়াইল এক্সপ্রেসের একটি বাসে করে সিলেটের জাফলংয়ে আনন্দ ভ্রমণে গিয়েছিলেন। আনন্দ ভ্রমণ শেষে শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে যশোরের দিকে যাত্রা শুরু করে বাসটি। রাত ২টার পর ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ১৯ যাত্রী আহত হন।
ভৈরব হাইওয়ে পুলিশের টহল দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অন্যরা তিনটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় চলে যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই ছাত্রশিবির কর্মী; তারা আনন্দ ভ্রমণ শেষে যশোরে ফিরছিলেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন