প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ শায়রুল কবির খান ॥
১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটময়, যা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছিল।
আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল, পেশাদারিত্বের সঙ্গে, মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এই ঘটনার ফলে সাধারণ জনগণ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে, বিশেষ করে সৈনিকদের মধ্যে, অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিচক্ষণতার সঙ্গে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেন এবং জিয়াউর রহমানকে মুক্ত করার উদ্যোগ নেন। ৬ নভেম্বর মধ্যরাতে সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ঘটে, যা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিগত ১৭ বছর ধরে ঐতিহাসিক ৭ নভেম্বরকে বিতর্কিত করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিল। তবে ইতিহাসের অমোঘ সত্য আবারও জাগ্রত হয়েছে, সিপাহী ও জনতার পাশে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। শেখ হাসিনা সরকার ৭ নভেম্বরকে ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। সর্বশেষ ২০১০ সালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাবেশে বক্তব্য রাখেন। এরপর আর ৭ নভেম্বরে কোনও সমাবেশের অনুমতি দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার।
২০১৭ সালের ১২ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে তিনি সর্বশেষ জনসমাবেশে বক্তব্য রেখেছেন। সত্যি ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭ নভেম্বরের চেতনা জনতার মাঝে ফিরে এসেছে স্বমহিমায়। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের মধ্যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সত্তা নির্ধারণ করে। এর প্রেক্ষাপটের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে আবির্ভূত হয়ে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশের নাগরিকদের জাতিসত্ত্বা প্রতিষ্ঠিত করেছেন যা "বাংলাদেশি জাতীয়তাবাদ" ৭ নভেম্বরের চেতনা তার সাথে পরিপূরক। দেশবাসী সেদিন জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিল। ৭ নভেম্বর সিপাহী-জনতা স্বকীয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চক্রান্তকারীদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করে ২৫ বছরের গোলামি চুক্তিকে বাতিল করে সত্যিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে স্থান করে দেয়। ওই সময় বাংলাদেশের সর্বস্তরের মানুষ (গুটিকয় বৈদেশিক অনুচর ছাড়া) এবং সশস্ত্রবাহিনীর পূর্ণ সমর্থন ও আস্থা নিয়ে দেশকে উন্নতি, অগ্রগতি ও শান্তির পথে নিয়ে যায়। সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী, দেশিবিরোধী সকল অকৌশল আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা পায়।
৭ নভেম্বরের বিপ্লব সম্পর্কে তদানীন্তন দৈনিক বাংলার রিপোর্টে উল্লেখ করা হয়, সিপাহী ও জনতার মিলিত বিপ্লবে চারদিনের দুঃস্বপ্ন শেষ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১টায় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর সিপাহী-জওয়ানরা বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়েছেন। ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছেন বিপ্লবী সিপাহীরা।
সেই ৭ নভেম্বরও ছিল শুক্রবার। ভোরে রেডিওতে ভেসে আসে, ‘আমি মেজর জেনারেল জিয়া বলছি।’
জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণে সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। সশস্ত্র বাহিনী দেশবাসীর পাশে আছে, আপনারা ধৈর্য্য ধারণ করুন- মহান আল্লাহ আমাদের সহায়। সেদিন ঢাকা ছিল মিছিলের নগরী। পথে পথে সিপাহী-জনতা একে অপরকে আলিঙ্গন করেছে।
আনন্দে উদ্বেলিত হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। সাধারণ মানুষ ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেন। বারুদের গন্ধের মধ্যে ভেসে আসে ফুলের সুবাস। এই আনন্দের ঢেউ রাজধানী ছাড়িয়ে দেশের আনাচে-কানাচে পৌঁছে যায়।
বাংলাদেশের রাজনীতিতে বাঁক বদলের তিনটি বড় গণঅভ্যুত্থানে বিএনপি দৃশ্যত দেশের কল্যাণে এগিয়ে এসেছে। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও দেশের কল্যাণে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানী সাঈদ ইফতেখার মন্তব্য করেন, দুটো গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক শূন্যতার সুযোগ বিএনপি নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে অত্যন্ত নেতিবাচকভাবে প্রতিভাত হয়েছে। সেই সুযোগ বিএনপি পেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, জন-বিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে, সেটার রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে। ফ্যাসিস্ট সরকার একজন জনবিপ্লবীকে মেরে ফেলতে পারবে, কিন্তু বিপ্লবকে মেরে ফেলতে পারবে না। আজকের বাস্তবতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাসও তাই অমোচনীয়, অনস্বীকার্য। প্রতিষ্ঠিত হবে আগামীর "সোনালি বাংলাদেশ" "৩১-দফার" ভিত্তিতেই।
লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক কর্মী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন