প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ ১৫ নভেম্বর। স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্তি। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ। বিশেষ করে বরগুনার পাথরঘাটা উপজেলাসহ উপকূলীয় এলাকাজুড়ে নেমে এসেছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারান হাজারো মানুষ, ধ্বংস হয় ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। স্বজন হারানোর সেই শোক আর দুঃসহ স্মৃতি ১৯ বছর পরও ভুলতে পারেননি উপকূলের মানুষ।
দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন পাথরঘাটার অনেক পরিবার। মাত্র কয়েক মিনিটের ভয়াবহ তাণ্ডবে মুহূর্তেই বদলে যায় অসংখ্য মানুষের জীবন। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল লাশ, বিধ্বস্ত ঘরবাড়ি আর স্বজন হারানো মানুষের আহাজারি। অনেক এলাকায় মৃতদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গাও পাওয়া যায়নি। সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা মানুষগুলোকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিডরের আঘাতে পাথরঘাটা উপজেলায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় মোট ১ হাজার ৩৪৫ জন প্রাণ হারান। এ ছাড়া সাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার ৯১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের কেউ জীবিত আছেন, নাকি সাগরের অতল জলে চিরতরে হারিয়ে গেছেন—আজও তার কোনো নিশ্চিত তথ্য জানেন না স্বজনেরা।
নিখোঁজ জেলেদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা দীর্ঘ ১৯ বছর ধরে অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের ফিরে আসার আশায়। অনেক পরিবার এখনো তাঁদের নিখোঁজ স্বজনদের মৃত্যুর কোনো আনুষ্ঠানিক সনদ পাননি। ফলে জমিজমা সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে জীবিকার অনিশ্চয়তা—সব মিলিয়ে দুর্বিষহ জীবন কাটছে এসব পরিবারের।
পাথরঘাটার এমনই এক পরিবারের করুণ চিত্র সিডরে নিখোঁজ হওয়া একমাত্র উপার্জনক্ষম ছেলেকে ঘিরে। বাবা-মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেটি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। সন্তানের শোকে অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন বাবা। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে মা সালেহাকে। জীবিকার তাগিদে তাঁকেই নদীতে মাছ শিকারে যেতে হয়। এভাবেই অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন তিনি।
সিডরে দুই ভাইকে হারানো রহিম বলেন, ‘আমার দুই ভাইসহ ১৭ জন জেলে একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সিডরের পর সেই ট্রলারসহ তাঁরা নিখোঁজ হন। আজও আমার ভাইদের কোনো সন্ধান পাইনি। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা-ও জানি না। দীর্ঘ ১৯ বছর ধরে এই অপেক্ষা আর কষ্ট বয়ে বেড়াচ্ছি।’
পাথরঘাটায় রহিমের মতো অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা সিডরের আঘাতে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজও ঘুরে দাঁড়াতে পারেননি। অনেক পরিবারে স্বজন হারানোর শোকের পাশাপাশি রয়েছে আর্থিক সংকট, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক ও প্রশাসনিক নানা জটিলতা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এই ঝড় পাথরঘাটার মানুষের জীবনের সম্বল কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে তাঁদের আপনজনদের। তাই এই ক্ষতি অপূরণীয়। সরকারি ও সহায়তাদানকারী সংস্থাগুলো উপকূলীয় মানুষের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করলে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকেও তাঁদের রক্ষা করা সম্ভব হবে।’
১৯ বছর আগে সিডরের সেই ভয়াল রাত কেড়ে নিয়েছিল হাজারো প্রাণ, নিঃস্ব করেছিল অসংখ্য পরিবারকে। সময়ের ব্যবধানে উপকূলের অনেক ক্ষত দৃশ্যমানভাবে সেরে উঠলেও স্বজন হারানোর বেদনা আজও মুছে যায়নি। প্রতিবছর ১৫ নভেম্বর ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবারগুলোর কাছে সিডর শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নাম নয়, এটি আজও না-পাওয়া খবর, হারিয়ে যাওয়া স্বজন আর চোখের জলের এক দীর্ঘ ইতিহাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন