প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি প্রো লিগে আল ফয়সালির বিরুদ্ধে ৩-১ গোলের জয় অর্জন করেছে আল নাসর। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি একটি ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ম্যাচসেরা নির্বাচিত হলেও পুরস্কারটি নিজের হাতে না নিয়ে সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের হাতে তুলে দেন।
আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ১১তম ম্যাচে দুই দল মুখোমুখি হয়। ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন রোনালদো। তার এই গোলের মাধ্যমে আল নাসরের ব্যবধান ২-০ হয়ে যায়।
রোনালদো আরও একবার জালের দেখা পেয়েছিলেন বলে মনে হয়েছিল। সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের পাস থেকে নিখুঁত ফিনিশিং করলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচে রোনালদোর পারফরম্যান্স সবার নজর কাড়লেও আল হামদানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল নাসরের হয়ে প্রথম গোলটি তারই। পরে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যাঞ্জেলোর গোলেও তিনি অবদান রাখেন। রোনালদোর বাতিল হওয়া গোলের পেছনেও ছিল আল হামদানের ভূমিকা।
ম্যাচ শেষে কর্তৃপক্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তিনি পুরস্কারটি নিজের কাছে না রেখে সতীর্থ আল হামদানকে দিয়ে দেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ম্যাচ শেষে আল হামদানকে ডেকে নিয়ে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে হাসিমুখে তার হাতে পুরস্কার তুলে দেন। দুজন একসঙ্গে ছবি তোলেন। রোনালদোর এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে, ক্যারিয়ারের গোলসংখ্যায় নতুন মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা বর্তমানে ৯৮২। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে তিনি ৮৩৬ গোল করেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি।
ক্লাবভিত্তিক হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৬ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে একটি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আরও ১৮ গোল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন