প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ১৯ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও বিকল্প রুটে ঢাকাগামী যাত্রীদের যাতায়াত সচল রয়েছে।
ঢাকাগামী ট্রেনে বাড়তি যাত্রীসেবা প্রদান এবং খুলনার অভ্যন্তরীণ আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এদিকে, খুলনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে খুলনা জেলা প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে বাসে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু পথে সরাসরি বাস চলাচল সাময়িক স্থগিত রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবারও ওই রুটে বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প হিসেবে মাওয়া রুট ব্যবহার করে কিছু পরিবহন ঢাকায় যাতায়াত করছে। খুলনা থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বাসসকে জানান, যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ থেকে বাস চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে মাওয়া হয়ে কিছু বাস চলাচল করছে এবং অভ্যন্তরীণ আন্তঃজেলা রুটগুলো সচল রয়েছে।
অপরদিকে, সড়কপথে সরাসরি বাস চলাচল ব্যাহত হওয়ায় ঢাকাগামী যাত্রীদের একটি বড় অংশ রেলপথকে বেছে নিয়েছেন। ফলে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বাসসকে জানান, পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে, যা স্বাভাবিক প্রক্রিয়ায় সামাল দেওয়া হচ্ছে।
এদিকে, খুলনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে খুলনা জেলা প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।
সভায় বক্তারা সড়কপথে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘবে দূরপাল্লার বাস চলাচল দ্রুত স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বৈঠকে খুলনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় পরিবহন মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সক্রিয় অবস্থান লক্ষ্য করা গেছে।
খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় নাশকতা ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও পাহারার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে গোপালগঞ্জ হয়ে সরাসরি বাস চলাচল পুনরায় শুরু হবে এবং যাত্রীদের যাতায়াত আরও নির্বিঘ্ন হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন