প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি মন্তব্য করেছেন যে, "কোনো অপরাধী গোষ্ঠীর চেয়ে সরকারের হাত অনেক শক্তিশালী।" খুলনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অপরাধের ধরন ভিন্ন হওয়ায় গতানুগতিক অভিযানে সন্ত্রাস দমন সম্ভব নয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট সমস্যা ও অপরাধীদের আগে চিহ্নিত করতে হবে। এরপর তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে।
তিনি বলেন, "সাধারণ মানুষের ঘুম হারাম করে, জনজীবনে অস্থিরতা সৃষ্টি করে কিংবা চাঁদাবাজি-সন্ত্রাস করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।" তিনি আরও বলেন, কেউ যদি নিজেকে সরকারের চেয়ে ক্ষমতাবান মনে করে, তা হবে মারাত্মক ভুল।
তবে যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, সরকার তাদের পুনর্বাসন ও আইনগত সহযোগিতা দেবে বলে জানান হুইপ। তিনি জানান, বেকারত্ব দূর করতে বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখার পরিকল্পনা সরকারের রয়েছে।
বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে জামায়াতসহ বিভিন্ন দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, "এটি পুরোপুরি একটি রাজনৈতিক কৌশল।" জাতীয় সংসদে বিরোধী দলগুলোর প্রতিনিধিত্ব রয়েছে। অনেক জাতীয় সংকট সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়।
তিনি বলেন, "মাঠের কর্মসূচির বাস্তবতাও বুঝতে হবে। লংমার্চ করলেই যদি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে আমরাও লংমার্চ করতাম।"
অনুষ্ঠানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও তাদের বিদ্যালয়মুখী করতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ৪৬৫ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস, জুতা ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ তুলে দেওয়া হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন