প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি গতকাল বুধবার গাজীপুরের গাছা থানায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে নথিভুক্ত করা হয়।
গাছা থানার তদন্ত ওসি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এসব কর্মকাণ্ড সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন। মামলার প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে চিহ্নিত করা হয়েছে। এজাহারে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী এবং অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন।
এছাড়া, এজাহারে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তির দাবিতে আন্দোলন করছিলেন। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে বেআইনিভাবে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা।
এসময় আন্দোলনকারীরা মারমুখী আচরণ করেন এবং ক্যাম্পাসে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের সামনে মিছিল, সভা ও সমাবেশ করেন। এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর, একজন উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন