রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট, কুপিয়ে হত্যাচেষ্টা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে পূর্ববিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। পরে একই বিরোধকে কেন্দ্র করে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে অভিযুক্তরা আড়তে হামলা চালিয়ে মারধর করে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অভিযোগকারী দাবি করেন, হামলার সময় আড়তে থাকা ক্যাশ থেকে ৭৪ হাজার ২০০ টাকা লুট করে নিয়ে গেছে ।
এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বালিয়াকান্দি থানায় মামলাটি মামলা নং-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রব তালুকদার জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। হামলার প্রকৃত কারণ, অভিযোগের সত্যতা এবং টাকা লুটের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।