প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূরুঙ্গামারীতে তিন সহযোগীসহ মাদক ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত শিপন রহমান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া অন্য তিনজন হলেন মোজাহার আলীর ছেলে শাকিল বাবু (১৯), অপু শেখের ছেলে হাসিবুল ইসলাম (৩২) এবং আলম মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৬)। পুলিশ জানায়, শিপনের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানের খামার এলাকার ধানক্ষেত ও সুপারি বাগানে নিয়মিত ইয়াবা সেবন ও কেনাবেচা করা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের শুরুতে এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান নেন। পরে ইয়াবা সেবনের সময় শাকিল বাবু, হাসিবুল ইসলাম ও শাকিল আহম্মেদকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সেখান থেকে ৬০টি ইয়াবা, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, শিপন রহমান একজন কুখ্যাত ক্যাসিনো ডিলার। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে তিনি ১২ লাখ টাকা অবৈধভাবে আয় করেছেন।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘শিপন রহমান ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত। তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। বৃহস্পতিবার তিন সহযোগী ও মাদকসহ তাঁকে আটক করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার মাদক কারবারি ও অনলাইন জুয়া-ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন