প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শহরের পৌর বাজার এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং শহীদ জিয়ার প্রতিকৃতি সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে মাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজের সঞ্চালনায় এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, "৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশকে এক গভীর সংকট থেকে রক্ষা করেছিল।"
তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চেতনায় উজ্জীবিত হয়ে সকল ভেদাভেদ ভুলে দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে। দেশের সার্বিক কল্যাণ, স্থিতিশীলতা এবং অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তাঁর সরকারকে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন