প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ মোট তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০), কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮) এবং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশিক ও রাসেলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ইয়াসিন নামের অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে একই দিন সন্ধ্যার দিকে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে আব্দুস সাত্তার নামের ওই অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন কালভার্ট এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লাল পতাকা বা কোনো সাইনবোর্ড দেয়া হয়নি। ফলে সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কালভার্টের গর্তে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, মধূয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখানে দুই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি আরও জানান, দুই দুর্ঘটনার ক্ষেত্রেই মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন