প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের চারটি প্রদেশের কাঠামো ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের প্রস্তাবের ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ক রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। তবে নতুন প্রদেশ গঠনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন প্রদেশ গঠনের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর দীর্ঘদিনের আধিপত্যকে দুর্বল করা, শরিফ ও জারদারি পরিবারের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও প্রভাবকে খণ্ডিত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণকে আরও সুসংহত করা। তবে এই উদ্যোগ বাস্তবায়নের পথে রাজনৈতিক ও সাংবিধানিক নানা বাধা জটিলতা সৃষ্টি করতে পারে।
বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, জেনারেল আসিম মুনির নিজেও সামরিক পোশাকে প্রেসিডেন্ট হওয়ার পথে অগ্রসর হতে চাইছেন। পাকিস্তানের সাবেক সামরিক শাসক জিয়াউল হক ও পারভেজ মোশাররফের মতো ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যও তার রয়েছে। তবে এ উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের প্রভাবশালী শরিফ ও জারদারি পরিবার। তারা ভিন্ন ভিন্ন কৌশলে এর মোকাবিলা করছেন।
আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারি সরাসরি বিরোধিতা করছেন। অন্যদিকে, নওয়াজ শরিফ সময়ক্ষেপণের কৌশল গ্রহণ করেছেন বলে বিশ্লেষণে বলা হয়েছে। পাঞ্জাব অঞ্চলের ছোট জাতিগোষ্ঠীগুলো নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে স্বাগত জানাতে পারে। তবে সিন্ধু প্রদেশে এ উদ্যোগকে কেন্দ্র করে সহিংসতা, বিশৃঙ্খলা ও গুরুতর রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশগুলোর সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে পাকিস্তান ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। কারণ, বর্তমানে দেশের প্রশাসনিক পুনর্গঠনের জন্য অনুকূল পরিবেশ নেই। বরং রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে অবিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রাদেশিক সীমানা পরিবর্তনের উদ্যোগ নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। একই সঙ্গে সমাজে বিদ্যমান বিভেদ আরও গভীর হতে পারে। বিশেষ করে পশতুন ও বেলুচ কিংবা সিন্ধি ও পাঞ্জাবিদের মধ্যে বিদ্যমান বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, নতুন প্রদেশ গঠনের বিষয়ে পাকিস্তানের নীতিনির্ধারক মহল বা ‘এস্টাবলিশমেন্ট’ নিজেদের অবস্থানে অনড় থাকতে পারে। তবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এটি বাস্তবায়নের চেষ্টা করলে নীতিনির্ধারকদের বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।
মুঈদ পীরজাদা একজন পাকিস্তানি ভূ-কৌশল বিশ্লেষক। মুহাম্মদ আমির রানা নিরাপত্তা বিশ্লেষক এবং ইসলামাবাদভিত্তিক ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ’-এর সাবেক পরিচালক। এই লেখায় প্রকাশিত মতামত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন