প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টয়লেটে যাওয়ার পরও কর্মীরা স্বস্তি পাচ্ছেন না। ঘড়ির কাঁটার নির্ধারিত সময়ের বাইরে বিরতি নিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে, সময়মতো শৌচাগারে যেতে না পেরে গুদামের পণ্য রাখার জায়গাতেই প্রস্রাব ও মলত্যাগ করতে বাধ্য হয়েছেন কর্মীরা। নিউজিল্যান্ডের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান দ্য ওয়্যারহাউস গ্রুপের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনজেডকের বরাতে দি ইনডিপেনডেন্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের ভবিষ্যৎ চাকরির নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সপ্তাহে প্রতিষ্ঠানটির অকল্যান্ড ও ক্রাইস্টচার্চের বিতরণকেন্দ্রে তিন শতাধিক কর্মী বিক্ষোভ করেছেন। এআই প্রযুক্তির মাধ্যমে কর্মীদের ওপর নজরদারি এবং ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স ফার্স্ট ইউনিয়নের অভিযোগ, কর্মীদের বিরতির সময় এআই প্রযুক্তির মাধ্যমে হিসাব রাখায় অনেকেই প্রয়োজনের সময় শৌচাগারে যেতে পারছেন না। এর ফলে বিতরণকেন্দ্রের পণ্য রাখার জায়গাতেই প্রস্রাব ও মলত্যাগের মতো ঘটনা ঘটছে।
তবে দ্য ওয়্যারহাউস গ্রুপ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এমন ঘটনা কখনোই ঘটেনি।
কর্মীরা জানিয়েছেন, তাদের সঙ্গে মানুষের পরিবর্তে রোবটের মতো আচরণ করা হচ্ছে। চাকরির ভবিষ্যৎ নিয়েও তারা উদ্বিগ্ন।
২৩ বছর ধরে একটি বিতরণকেন্দ্রে কাজ করা এক কর্মী বলেন, ‘আমি কি রোবটের মতো দেখতে? না, আমি তা নই। আমরা এসব বিষয়ের প্রতিবাদ করতে এসেছি। কারণ, কাজটি একজন মানুষের করার কথা, রোবটের নয়।’
ইউনিয়ন সংগঠক হেইলি কোর্টনি বলেন, ব্যবস্থাপকেরা কর্মীদের শৌচাগার পর্যন্ত অনুসরণ করছেন এবং তাদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য তিরস্কার করছেন। বিষয়টি একেবারেই অযৌক্তিক। গত আট মাস ধরে তিনি এ সমস্যা নিয়ে লড়াই করছেন বলেও জানান।
কোর্টনির ভাষ্য, কর্মীরা দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার কিংবা আধুনিকায়নের বিরোধিতা করছেন না। তবে এসব পরিবর্তনের ফলে তাদের চাকরির ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নিশ্চয়তা চান তারা।
তিনি অভিযোগ করেন, পণ্য বাছাইয়ের কাজে বড় আকারের একটি রোবট যুক্ত করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এআইচালিত ড্রোন ব্যবহার করে শারীরিকভাবে পণ্য গণনার কাজে নিয়োজিত কয়েকজন কর্মীর জায়গা নেওয়া হয়েছে। এখন কর্মীরা কতক্ষণ শৌচাগারে থাকছেন, সেটিও এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোর্টনি আরো জানান, শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলেও কর্মীরা সময়ের হিসাবের ভয়ে তা আটকে রাখার চেষ্টা করছেন। এতে দুর্ঘটনাও ঘটেছে।
সংবাদমাধ্যম দ্য পোস্টকে তিনি বলেন, ‘আমরা মেঝেতে কিছু (মল) পড়ে থাকতে দেখেছি। আমি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার পর অবশ্য তা বন্ধ হয়েছে। তবে এর আগে একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। কারা এর সঙ্গে জড়িত, তা আমরা জানি না। এমন পরিস্থিতিতে পড়া যে কারও জন্য অত্যন্ত অপমানজনক।’
তবে এসব অভিযোগকে বিস্ময়কর ও আপত্তিকর বলে উল্লেখ করেছে দ্য ওয়্যারহাউস গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান জনবল কর্মকর্তা রিচার্ড পার্কার বলেন, কর্মীদের দক্ষতা পর্যবেক্ষণে তারা যে প্রযুক্তি ব্যবহার করেন, সেটি এআই নয়। বিতরণকেন্দ্রগুলোতে কয়েক দশক ধরে বিশ্বজুড়ে ব্যবহৃত স্ক্যানিং যন্ত্রের মাধ্যমে কাজের দক্ষতা পরিমাপ করা হয়। এর সঙ্গে শৌচাগার ব্যবহারের কোনো সম্পর্ক নেই।
পণ্য গণনার কাজে ড্রোন ব্যবহারের কারণে কোনো কর্মীর চাকরি যায়নি বলেও দাবি করেন পার্কার। বরং এ বিভাগে বর্তমানে তিনটি অতিরিক্ত অস্থায়ী পদ রয়েছে বলে জানান তিনি।
পার্কারের দাবি, ড্রোন ব্যবহারে পণ্যের মজুতের হিসাব আরো নির্ভুল হচ্ছে এবং গ্রাহকসেবার মান বাড়ছে। একই সঙ্গে রাতের বেলায় যন্ত্রের সাহায্যে উঁচুতে উঠে কাজ করার প্রয়োজন কমায় বিতরণকেন্দ্রের নিরাপত্তাও বাড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন