প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক অশান্তি অথবা কোনো দুঃসংবাদ—মানসিক চাপের উৎস বিভিন্ন হতে পারে। তবে উদ্বেগ বা দুশ্চিন্তার সময় অনেকের মধ্যে হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভূত হয়। কিছু মানুষের বমি বমি ভাব দেখা দেয়, আবার অন্যদের পেটে মোচড় বা মলত্যাগের তাগিদ অনুভূত হয়। এর পেছনে মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’র ৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানসিক চাপ এবং উদ্বেগ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে যোগাযোগের এই ব্যবস্থাকে ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’ বলা হয়।
মস্তিষ্ক ও অন্ত্রের যোগাযোগ
মানসিক চাপের সময় মস্তিষ্ক বিপদের সংকেত হিসেবে পরিস্থিতিকে মূল্যায়ন করে। ফলে শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ বা লড়াই কিংবা পালানোর প্রতিক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। এই সময় অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো হরমোন নিঃসৃত হয়। একই সঙ্গে স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রতিক্রিয়া হজমপ্রক্রিয়াকে প্রভাবিত করে।
অন্ত্রে সেরোটোনিন নামের রাসায়নিক বার্তাবাহক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অন্ত্রের পেশির সংকোচন-প্রসারণ বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণে সহায়তা করে। মানসিক চাপের কারণে অন্ত্রের এই কার্যক্রমে পরিবর্তন আসতে পারে, যার ফলে কিছু মানুষের মলত্যাগের তাগিদ বৃদ্ধি পায়।
বিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে যে কারণ
মানসিক চাপের সময় অন্ত্রের কার্যক্রমে পরিবর্তনের পেছনে বিবর্তনগত ব্যাখ্যা রয়েছে। বিপদের সম্মুখীন হলে শরীর দ্রুত পালানোর জন্য প্রস্তুত হয়। এ সময় হজমের মতো তুলনামূলক কম জরুরি কাজের পরিবর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেয় শরীর। অন্ত্র খালি হয়ে গেলে শরীরের ওজন কিছুটা কমে এবং দ্রুত চলাফেরা সহজ হয়ে যেতে পারে।
এছাড়া, খাবারের মাধ্যমে শরীরে ক্ষতিকর জীবাণু প্রবেশ করলে অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সংকেত আদান-প্রদান ঘটে। তখন শরীর দ্রুত মলত্যাগের মাধ্যমে ক্ষতিকর উপাদান বের করে দেওয়ার চেষ্টা করতে পারে। বাইরের বিপদ এবং শরীরের ভেতরের সংক্রমণ—এই দুই ধরনের সংকেতের ক্ষেত্রে কিছু স্নায়বিক পথের ভূমিকা রয়েছে।
অন্ত্রের সুস্থতায় যা করবেন
দীর্ঘ সময় ধরে মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকলে হজমের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই অন্ত্রের সুস্থতা বজায় রাখতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
এ ক্ষেত্রে অতিরিক্ত চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলা, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন না করা এবং দীর্ঘক্ষণ একটানা বসে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিম, পেঁয়াজ, অ্যাসপারাগাস, আর্টিচোক ও বেরির মতো আঁশযুক্ত খাবার অন্ত্রের উপকারী জীবাণুর জন্য সহায়ক। পাশাপাশি টক দইয়ের মতো গাঁজন করা খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমও অন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, মানসিক চাপ কমাতে ধ্যান বা মেডিটেশনও সহায়ক হতে পারে। তবে দীর্ঘদিন ধরে ডায়রিয়া, পেটব্যথা কিংবা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিলে শুধুমাত্র মানসিক চাপকে দায়ী না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন