প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাদারীপুর শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সাজসজ্জা ও ধর্মীয় আবহে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত ১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তিনি যে জনবান্ধব কর্মসূচিগুলো হাতে নিয়েছেন, নির্বাচন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই সেগুলোর বাস্তবায়ন শুরু করেছেন। সকল ধর্মের মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরাও সেভাবেই কাজ করছি।”
তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ডের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা ধর্মীয়, সামাজিক কিংবা সুখে-দুঃখে যেকোনো প্রয়োজনে আমাকে নিজেদের একজন মনে করে ডাকবেন। আমি আপনাদের পাশে থাকব।”
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে কালীবাড়ি মন্দির ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তায় দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন