প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ২নং পাঁচবাগ ইউনিয়নের খুরশি মহল মৌজার ভূমিসংক্রান্ত তথ্যগত ভুলের কারণে জমির নামজারি (নাম খারিজ) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে জটিলতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে এ সমস্যা সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট মৌজার জমির মালিক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, মৌজাসংক্রান্ত ভুলের কারণে নিয়ম অনুসারে আবেদন করেও জমির নামজারি সম্পন্ন করতে পারছেন না তাঁরা। এর ফলে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।
খুরশিদ মহল গ্রামের বাসিন্দা মো. আবদুল আহাদ জানিয়েছেন, ‘বহুদিন আগে আমার জমির নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে নিয়ম অনুযায়ী আবেদন করেছিলাম। কিন্তু পরবর্তীতে জানতে পারি, মৌজাসংক্রান্ত ভুলের কারণে আমার আবেদনটি বাতিল হয়ে গেছে। এখন পর্যন্ত সমস্যার কোনো সমাধান পাইনি।’
একই ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মো. আবু সাঈদ বলেছেন, ‘মৌজার ভুলের কারণে আমার স্ত্রীর জমির নামজারি করতে পারছি না। এতে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছি।’
গফরগাঁও উপজেলা ভূমি অফিসের সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মৌজার তথ্যগত জটিলতার কারণে জমির নামজারি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে না।
এদিকে, খুরশিদ মহল মৌজার ভুক্তভোগী জমির মালিকরা জানিয়েছেন, ভূমিসংক্রান্ত এ সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকায় তাঁদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। দ্রুত এ জটিলতার নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ভুক্তভোগী এলাকাবাসী মৌজাসংক্রান্ত ভুল সংশোধন করে জমির নামজারি ও খাজনা পরিশোধের কার্যক্রম স্বাভাবিক করতে ভূমি মন্ত্রণালয়, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন