প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ক্লাব ও ক্রীড়া সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) আবাহনী ক্লাব মাঠে আয়োজিত একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে মোহামেডান ও আবাহনীর সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রদর্শনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিমন্ত্রীও এই ম্যাচে অংশগ্রহণ করেন। সাবেক ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয় প্রদর্শনী ম্যাচটি, যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর থেকে যখনই আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেছি, তখনই প্রথমে এসেছে মোহামেডান ও আবাহনীর নাম। ঐতিহ্যগতভাবে এই দুটি ক্লাবের সমর্থকগোষ্ঠী অনেক শক্তিশালী। আমরা তাদের ঐতিহ্য সংরক্ষণ ও আরও সমৃদ্ধ করতে চাই।”
তিনি উল্লেখ করেন, দুই ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার এবং রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনার বার্তা দিতেই এ প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চাই, রাজনীতিকে পেছনে ফেলে সব ক্লাব, একাডেমি ও ক্রীড়া সংগঠন একসঙ্গে এগিয়ে যাক। মোহামেডান ও আবাহনীর ঐতিহ্য সমুন্নত রেখে বাংলাদেশের খেলাধুলা ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
আমিনুল জানান, সরকার তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উন্নয়ন, জেলা পর্যায়ে লিগ চালু এবং সারা দেশে আরও বেশি সমর্থকভিত্তিক ক্লাব প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, আনসার, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ইতোমধ্যে বিভিন্ন ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব বাহিনী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
প্রস্তাবিত প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে আমিনুল বলেন, সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। আগামী বছর প্রতিযোগিতাটি আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতিও পেয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, “আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের আশা করছি। এতে উপমহাদেশ, এশিয়া এবং সম্ভব হলে ইউরোপের দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। দেশের ফুটবল ঐতিহ্য ধরে রাখতে আমরা একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে নিয়মিত বার্ষিক আয়োজনে পরিণত করতে চাই।”
স্বীকৃত ফুটবল একাডেমির অভাব এবং দেশের ফুটবল উন্নয়নের দুর্বল কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল বলেন, খেলাটির ভিত্তি শক্তিশালী করতে সরকার একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের প্রথম নয় মাসে সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে খেলার মাঠ নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং পাঠ্যবইয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা অন্তর্ভুক্ত করাসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে।
“সাবেক ফুটবলার হিসেবে ফুটবলের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। আমরা বুঝতে পারছি, একাডেমি প্রতিষ্ঠা এবং গ্রাম, বাজার, উপজেলা ও জেলা পর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়া ছাড়া কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।”
তিনি আরও জানান, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতোমধ্যে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার জন্য নির্দেশিকা তৈরি করেছে।
আমিনুল বলেন, “ক্লাবগুলোর জন্য একাডেমি ও খেলার মাঠ বাধ্যতামূলক করা, বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করা এবং ফুটবল উন্নয়নে একটি টেকসই কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কিছুটা সময় দিন। ইনশাঅল্লাহ, ধীরে ধীরে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে, তা বাস্তবায়ন করব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন