প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও শেষ টেস্টে ফল পেতে নিজেদের আরও বেশি উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস এবং পাকিস্তানের বোলিং কোচ শন টেইট।
প্রতিকূল আবহাওয়া এবং ঘাসে ঢাকা উইকেটের কারণে বোলারদের প্রত্যাশিত ধার বজায় রাখা সম্ভব হয়নি, ফলে প্রথম টেস্টটি নিষ্প্রাণ ড্র হয়ে যায়।
প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রানে ইনিংস ঘোষণা করার পর শ্রীলঙ্কা ৪ উইকেটে ৪০৪ রান তুলে শক্ত অবস্থানে ছিল। কিন্তু সেখান থেকে মাত্র ৪২ রানে শেষ ছয় উইকেট হারিয়ে ৪৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার দুটি সুযোগই কাজে লাগাতে পারেনি লঙ্কানরা।
শেষ দিনে পাকিস্তানের ৫৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল শ্রীলঙ্কা। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাচ হাতছাড়া করায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮৪ রান তুলে ম্যাচটি ড্র করে স্বাগতিকরা।
কুশল বলেন, পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল তার দল। তিনি উল্লেখ করেন, ‘পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে আমরা ভালো একটি লিড গড়তে চেয়েছিলাম। তবে সাকিব খানকে কৃতিত্ব দিতেই হবে। সে অসাধারণ বোলিং করেছে এবং আমাদের আটকে রেখেছে।’
কুশল ও ধনঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরি তুলে নিয়ে পঞ্চম উইকেটে ২৪৯ রান যোগ করেন। এরপর মাত্র ৪২ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা। সাকিবের ১৩০ রানে ৭ উইকেট শিকারে কার্যত ছন্দ হারায় শ্রীলঙ্কা। অভিষেক টেস্টেই সাত উইকেট নেওয়া পাকিস্তানের চতুর্থ বোলার হন তিনি।
দ্বিতীয় টেস্টের উইকেট সবুজ বলে জানিয়েছেন কুশল, ‘উইকেট বেশ সবুজ মনে হচ্ছে। প্রথম টেস্টে আমরা যে উইকেটে খেলেছিলাম, সেটির সঙ্গে এর বেশ মিল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কন্ডিশন পর্যালোচনা করব।’
স্পিনার প্রভাত জয়াসুরিয়া কিংবা কেশারা নুয়ান্থার একজনকে দলে নেওয়ার কথা ভাবছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান রাজাউল্লাহর পরিবর্তে ১৯ বছর বয়সী তরুণ পেসার আলী শাব্বিরকে টেস্ট অভিষেক করানোর বিষয়ে চিন্তা করছে।
চলতি বছরে প্রথম টেস্ট সিরিজ জিততে পাকিস্তানি খেলোয়াড়দের বাড়তি প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন টেইট। সাবেক অস্ট্রেলীয় পেসার টেইট বলেন, ‘বাড়তি সেই তাগিদটা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘গত টেস্টের বেশির ভাগ সময় বোলাররা যেভাবে বল করেছে, তাতে আমি খুশি। তবে এবার তাদের কাছ থেকে আরও বাড়তি প্রচেষ্টা চাই।’
অভিজ্ঞ ব্যাটার সৌদ শাকিল দুই ইনিংসেই সেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত হন। প্রথম ইনিংসে ৯৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯৭ রান করেন তিনি। অধিনায়ক বাবর আজমের টেস্ট সেঞ্চুরির খরাও অব্যাহত রয়েছে। টানা ৪২ ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি।
দুই ম্যাচের এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। আগামী বছরের ফাইনালে ওঠার দৌড় থেকে অবশ্য আগেই ছিটকে গেছে সর্বশেষ নবম অবস্থানে থাকা পাকিস্তান এবং সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন