প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় ৮টি কাজের মধ্যে ৭টি রাস্তার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একটি কাজ এখনও চলমান রয়েছে। সঠিক তদারকি ও অব্যবস্থাপনার কারণে উন্নয়নকাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। সচেতন নাগরিক সমাজ নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনিয়মের অভিযোগের পর দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা সরেজমিনে এসে একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসিআরপি) কনস্ট্রাকশন অব নোজ রোড প্রকল্পের আওতায় ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ২০০ টাকা ব্যয়ে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৮টি সড়কের উন্নয়নকাজ চলছে। উন্নয়নকাজের মধ্যে কার্পেটিং, আরসিসি, ইউনি ব্লক, গাইড ওয়াল ও ড্রেন অন্তর্ভুক্ত রয়েছে। পুরো প্রকল্পের কাজ করছে ঝিনাইদহের নিশিত বসুর ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্পের আওতায় ৮ নম্বর ওয়ার্ডের পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি থেকে পুরাতন খাদ্যগুদাম পর্যন্ত ৭১০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের শিববাটী বটতলা থেকে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র পর্যন্ত ২ হাজার ১০০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের কলেজ শিক্ষক শহিদুল ইসলামের বাড়ি থেকে ৩ নম্বর ওয়ার্ডের বরকতের পুকুর ও চৌকিদার বাড়ি-সংলগ্ন সড়ক আরসিসিকরণ করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের খালেক কাঁসারীর বাড়ি থেকে ওয়াপদা পর্যন্ত সড়ক আরসিসিকরণ করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের মোক্তার মেম্বারের বাড়ি থেকে কলেজ শিক্ষক আজিজুর রহমান মনুর বাড়ি এবং আবুল দপ্তরীর বাড়ি-সংলগ্ন সড়ক আরসিসিকরণ করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে। একই ওয়ার্ডের করিম শেখের বাড়ি থেকে অহেদ কাউন্সিলরের মৎস্য ঘের পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পরিবহন স্ট্যান্ড থেকে রিকশার মোড় হয়ে ওয়াপদা এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক আরসিসিকরণ ও ড্রেনের স্ল্যাব স্থাপনের কাজ করা হয়েছে।
প্রকল্পের সব উন্নয়নকাজ ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। চলমান কাজসহ যেসব কাজ শেষ হয়েছে, প্রতিটি উন্নয়নকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইউনি ব্লক ও কার্পেটিংয়ের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়টি এলাকায় সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে। এছাড়া বিটুমিন, কার্পেটিং ও আরসিসি লেয়ার, সড়কের দৈর্ঘ্য এবং প্রস্থ—সব ক্ষেত্রেই যথাযথ মান বজায় রাখা হয়নি বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে যে, গাইড ওয়াল হেলে পড়েছে এবং ড্রেনের স্ল্যাব সঠিক লেভেলে স্থাপন করা হয়নি।
ইতোমধ্যে প্রকল্পের একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি দল। প্রকল্পের কাজের মাঝামাঝি সময়ে শিববাটী ব্রিজের নিচ থেকে লোনাপানি কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তার নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, যার কারণে দুদকের একটি দল অনুসন্ধানে আসে এবং কিছু ত্রুটি চিহ্নিত করে। যদিও পৌরসভার প্রকৌশলীরা দাবি করেছেন যে, দুদকের চিহ্নিত সব ত্রুটি পরবর্তী সময়ে ঠিক করা হয়েছে।
অনেকে বলছেন, জনপ্রতিনিধি না থাকায় সঠিক তদারকির অভাবে উন্নয়নকাজে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। আবার অনেকেই মনে করছেন, মূল ঠিকাদার কাজের স্থলে না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দায়িত্বে থাকা ব্যক্তি অনিয়ম এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ নিয়েছেন। এতে পৌরসভা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে, অন্যদিকে তদারকির দায়িত্বে থাকা পৌরসভা ও প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের দায়দায়িত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা আমিনুর রহমান দাম্ভিকতার সঙ্গে বলেন, "আপনাদের যা খুশি তাই লেখেন, লেখায় আমাদের কিছু যায় আসে না।"
পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, "এ প্রকল্পে অফিসিয়ালি তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। এর সব দায়দায়িত্ব প্রকৌশল বিভাগ এবং প্রকল্প-সংশ্লিষ্টদের।"
কিছু কিছু ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী নূর আহমদ বলেন, "ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে ভালো মানের উপকরণ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া যেসব জায়গায় ছোটখাটো ত্রুটি ছিল, সেগুলোও ঠিক করা হয়েছে।"
এদিকে উন্নয়ন প্রকল্পের নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন