প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ভ্যানিটি ফেয়ার-এর একটি প্রতিবেদনে এ ধরনের দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্পের প্রথম মেয়াদে ডাচ গোয়েন্দারা কুশনারের আইফোনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এসব লেনদেনের তথ্য সংগ্রহ করেছেন।
অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্পের মাধ্যমে এসব দেশের স্বার্থ হাসিলের বিনিময়ে এই লেনদেনগুলো সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সংশ্লিষ্ট একটি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছিল, যেখানে কুশনার স্বাক্ষরকারী হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের নেতাদের উদ্যোগে কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি হিসাবে অন্তত ২০০ কোটি ডলার জমা দেওয়ার অভিযোগও রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত লেনদেনের বিষয়ে কুশনারকে পরামর্শ দিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
কুশনার অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, প্রতিবেদনে ব্যাংক স্টেটমেন্ট, অর্থ স্থানান্তরের নথি কিংবা লেনদেনের তারিখের মতো কোনো যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার আইনজীবী চ্যাড মিজেলও অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন। মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে।’
সূত্র: এনডিটিভি
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন