প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর মাত্র এক দিন পর ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত পর্দা উঠতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যেই ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন।
প্রিয় দলকে সমর্থন জানাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিকে দেখা গেছে ব্যাপক উৎসাহ।
বুধবার (১০ জুন) সকালে হিলি গোডাউন মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে বিভিন্ন আকারের ফুটবল দলের পতাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা। ছোট, মাঝারি ও বড় আকারের পতাকা ৫০ টাকা থেকে শুরু করে কয়েক শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, বিশ্বকাপ সামনে রেখে কয়েক দিন ধরে পতাকা বিক্রি করছি। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হিলিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্যাপক সমর্থক রয়েছেন। ইতোমধ্যে অনেকেই তাদের পছন্দের দলের জার্সি পরে ঘোরাফেরা শুরু করেছেন। বিভিন্ন সড়ক, বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চায়ের দোকানে বিশ্বকাপ ও প্রিয় দলকে নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণী।
আর্জেন্টিনার সমর্থক আলী আজগর বলেন, বিশ্বকাপ এলেই অন্য রকম আনন্দ কাজ করে। আমরা বন্ধু-বান্ধব মিলে আর্জেন্টিনার পতাকা কিনেছি। আশা করছি, মেসির দল এবারও ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে। তাই আগে থেকেই উৎসবের প্রস্তুতি নিচ্ছি।
ব্রাজিলের সমর্থক আরিফুল ইসলাম বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এবারও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করবে বলে বিশ্বাস করি। দলকে সমর্থন জানাতে আমরা পতাকা ও জার্সি কিনেছি। বিশ্বকাপকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পতাকার চাহিদা। আগামী কয়েক দিন বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা। ফুটবল বিশ্বকাপকে ঘিরে হিলিজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন