প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভ্রমণ শুধুমাত্র নতুন স্থানে ঘুরে আসা বা ব্যস্ত জীবনের থেকে কিছুদিনের বিরতি নেওয়ার বিষয় নয়। কিছু মানুষের কাছে ছুটির আনন্দ হল পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা, আবার কেউ নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে মানসিক শান্তি খুঁজে থাকেন। অনেকে ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে শরীর ও মনের যত্ন নিতে চান। সময়ের সঙ্গে পর্যটকদের এই পছন্দে পরিবর্তন আসছে। দীর্ঘ ছুটির পাশাপাশি এক দিনের ভ্রমণ, অচেনা গন্তব্য, নির্জন অবকাশ এবং সুস্থতাকেন্দ্রিক পর্যটন জনপ্রিয় হয়ে উঠছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে গুগলের ২০২৬ সালের ভ্রমণ প্রবণতা সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে ‘ওয়েলনেস ট্রাভেল’ বা সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের জন্য অনুসন্ধান বেড়েছে ১ হাজার ৬০০ শতাংশ। অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে বিনোদনের পাশাপাশি শরীর ও মনের সুস্থতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সুস্থতা ও প্রশান্তির খোঁজে ভ্রমণ
ছুটিতে শুধু ঘোরাঘুরি নয়, বরং শরীর ও মনের যত্ন নেওয়ার সুযোগও খুঁজছেন অনেকে। যোগব্যায়াম, ধ্যান, স্পা, আয়ুর্বেদিক চিকিৎসা এবং ফিটনেস কার্যক্রমকে কেন্দ্র করে ভ্রমণের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। গুগলের তথ্য অনুযায়ী, ভারতে ‘ফিটনেস ট্রিপ’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ৯৫০ শতাংশ। অর্থাৎ ছুটির সময়েও শরীরচর্চার অভ্যাস ধরে রাখতে আগ্রহী হচ্ছেন অনেক পর্যটক।
অন্যদিকে, দৈনন্দিন ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে নিরিবিলি সময় কাটানোর প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে ‘সাইলেন্ট রিট্রিট’ বা নীরব অবকাশ। এ ধরনের ভ্রমণে সাধারণত ধ্যান, সীমিত কথাবার্তা এবং শান্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ থাকে। গুগলের হিসাবে, ‘সাইলেন্ট রিট্রিট’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ১৫০ শতাংশ।
বাংলাদেশেও প্রকৃতির কাছাকাছি এমন সময় কাটানোর সুযোগ রয়েছে। শ্রীমঙ্গলের চা-বাগান, রাঙামাটির কাপ্তাই হ্রদ, বান্দরবানের পাহাড় অথবা সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকার সুযোগ করে দিতে পারে।
অচেনা গন্তব্যের প্রতি বাড়ছে আগ্রহ
পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে নতুন জায়গা আবিষ্কারের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। গুগলের প্রতিবেদনে দেখা গেছে, ভারতে ‘হিডেন জেমস ইন্ডিয়া’ বা অল্প পরিচিত সুন্দর জায়গা নিয়ে অনুসন্ধান বেড়েছে ৪০০ শতাংশ।
একই সঙ্গে ‘কাছাকাছি হাইকিং ট্রেইল’ এবং ‘মিউজিক ফেস্টিভ্যাল ট্রাভেল’ নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে। অর্থাৎ পর্যটকেরা এখন শুধুমাত্র জনপ্রিয় দর্শনীয় স্থান ঘুরে দেখতেই আগ্রহী নন, বরং ভ্রমণের মধ্যে নতুন অভিজ্ঞতা খুঁজছেন। পাহাড়ি পথে হাঁটা, স্থানীয় সংস্কৃতি জানা অথবা কোনো উৎসবকে কেন্দ্র করে নতুন জায়গায় যাওয়াও ভ্রমণের অংশ হয়ে উঠছে।
বাংলাদেশেও পরিচিত পর্যটনকেন্দ্রের পাশাপাশি নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ রয়েছে। সিলেটের চা-বাগান, মৌলভীবাজারের হাওর, কাপ্তাই হ্রদ অথবা কক্সবাজারের আশপাশের বিভিন্ন স্থান ভ্রমণপিপাসুদের ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে।
জনপ্রিয় হচ্ছে এক দিনের ভ্রমণ
ভ্রমণের জন্য সব সময় দীর্ঘ ছুটির প্রয়োজন হয় না। কাজের ব্যস্ততার মধ্যেও অনেকে এখন কাছাকাছি কোনো জায়গায় এক দিনের জন্য ঘুরে আসতে চান। গুগলের তথ্য বলছে, গত এক বছরে ভারতে ‘ওয়ান ডে ট্রিপ নিয়ার মি’ বা কাছাকাছি এক দিনের ভ্রমণ নিয়ে অনুসন্ধান বেড়েছে ১৩০ শতাংশ। এ ক্ষেত্রে মহারাষ্ট্রে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি।
বাংলাদেশেও ছুটির দিনে এক দিনের ভ্রমণের বেশ কিছু সুযোগ রয়েছে। ঢাকা থেকে সোনারগাঁ, পানাম নগর, জিন্দা পার্ক অথবা মুন্সীগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে আসা যায়। এ ধরনের ভ্রমণে দীর্ঘ ছুটি বা রাতযাপনের পরিকল্পনা ছাড়াই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়।
একা ভ্রমণ, আবার নতুন মানুষের সঙ্গে পরিচয়
একাকী ভ্রমণের প্রতি আগ্রহ অব্যাহত রয়েছে। তবে একা ঘুরতে গেলেও অনেকেই চান একই ধরনের আগ্রহ রয়েছে এমন মানুষের সঙ্গে পরিচিত হতে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ‘ট্রাভেল কমিউনিটি’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ৪০০ শতাংশ।
ভ্রমণ কমিউনিটির মাধ্যমে নতুন গন্তব্য সম্পর্কে তথ্য পাওয়া, দলবদ্ধ ভ্রমণের সঙ্গী খুঁজে নেওয়া এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। বিশেষ করে যারা একা ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এ ধরনের কমিউনিটি পরিকল্পনা সাজাতে সহায়ক হতে পারে। তবে অপরিচিত কারও সঙ্গে ভ্রমণে যাওয়ার আগে পরিচয় ও নিরাপত্তা যাচাই করা জরুরি।
ভ্রমণ পরিকল্পনায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
ভ্রমণের গন্তব্য নির্বাচন, যাতায়াতের পথ খোঁজা অথবা কয়েক দিনের ভ্রমণসূচি তৈরি—এসব কাজেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। গুগলের প্রতিবেদনে দেখা গেছে, ভারতে ‘এআই ফর ট্রাভেল’ নিয়ে অনুসন্ধান বেড়েছে ৬০০ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পর্যটকেরা গন্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে, সম্ভাব্য ভ্রমণসূচি তৈরি করতে এবং দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারেন। তবে হোটেল বুকিং, পরিবহন, প্রবেশমূল্য ও পর্যটনকেন্দ্রের খোলার সময়ের মতো তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।
বদলে যাচ্ছে ছুটি কাটানোর ধারণা
ভ্রমণের ধারণা এখন আর শুধুমাত্র দর্শনীয় স্থান ঘুরে দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। কেউ খুঁজছেন অ্যাডভেঞ্চার, কেউ নিরিবিলি পরিবেশে বিশ্রাম, আবার কেউ অল্প সময়ের ছুটিতে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তুলে ধরা গুগলের অনুসন্ধান-তথ্য ভারতীয় পর্যটকদের এই পরিবর্তিত আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন