প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে গভীর রাতের এক ঘটনায় দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও প্রায় সাড়ে নয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক ব্যবসায়ী শামীম আহমদকে ডাকাতরা কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন মাস্টার ও ব্যবসায়ী শামীম আহমদ দুই সহোদর ভাই। গভীর রাতে মুখোশধারী ডাকাত দলটি তাঁদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা জামাল উদ্দিন মাস্টারের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে। পরে তারা শামীম আহমদের ঘরে প্রবেশ করে। শামীম আহমদ বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে কুপিয়ে আহত করে এবং ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, জামাল উদ্দিন মাস্টারের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট হয়েছে। অন্যদিকে, শামীম আহমদের ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। তবে তাঁর ঘর থেকে নগদ টাকা খোয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, যা থানার হেফাজতে রয়েছে।
একই রাতে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি ও একজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় উত্তরকুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন