প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিরাপদ অভিবাসন এবং প্রবাসী-বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার জেলা পর্যায়ে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন এবং কার্যক্রম পরিচালনার কাজ শুরু করেছে, এমনটি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় সিলেট বিভাগের ৪টি সহ সকল প্রবাসী অধ্যুষিত জেলায় জেলা প্রশাসনের অধীনে এ কমিটি গঠন করা হবে। এই কমিটি নিয়মিত বৈঠক করে প্রবাসী কল্যাণ সংক্রান্ত সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করবে এবং প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা জোরদার করবে।
মন্ত্রী আরও জানান, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, "আজ সিলেট জেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেব।" মৌলভীবাজারের ডিসিকে ইতোমধ্যে এ বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে প্রবাসী অধ্যুষিত জেলাসমূহে এসব কার্যক্রম শুরু হবে।
শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেটে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’-এর উদ্যোগে আয়োজিত ‘বিজনেস, নেটওয়ার্কিং ও কানেকশনস’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে এবং তাদের কল্যাণে একের পর এক পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগুচ্ছে, অতীতের সরকার এমনটি করেনি। তিনি উল্লেখ করেন, তারেক রহমান সরকার প্রবাসীদের জন্য বিশেষ কার্ড তৈরি করছে। এই কার্ড সাধারণ কার্ডের মতো হবে না, এতে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া, সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
‘ইউকে এনআরবি সোসাইটি’-র পরিচালক এম আহমদ জুনেদ-এর সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ওয়েস খসরু ও সিলেট বেতারের ঘোষক রুহেনা সুলতানার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর পরিচালক সামা হক চৌধুরী, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার এবং সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
এই ব্যতিক্রমী আয়োজনটি প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। সভায় আলোচকরা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন