প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে একটি বিশাল তেল শোধনাগারের অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই শেয়ার বিক্রি থেকে সর্বোচ্চ ২১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, আফ্রিকার ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ।
এই উদ্যোগের মাধ্যমে ডাঙ্গোটে শোধনাগারটির প্রায় ৩ শতাংশ মালিকানা সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবেন। তার উদ্দেশ্য, বড় ব্যবসায়ী বা ধনী বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ নাইজেরীয়রাও যেন এই শোধনাগারের সাফল্যের অংশীদার হতে পারেন। ডাঙ্গোটে বলেছেন, "দেশের সাধারণ মানুষের জন্য এই প্রতিষ্ঠানে বিনিয়োগের সুযোগ তৈরি করাই আমার অন্যতম উদ্দেশ্য।" শেয়ার কেনার সুযোগ পেয়ে অনেক নাইজেরীয় আগ্রহ প্রকাশ করছেন। তাদের মধ্যে একজন ইসাহ সালিসু। তিনি বিবিসিকে জানান, শেয়ার কেনার জন্য তিনি নিজের সঞ্চয় থেকে ৫০ হাজার নাইরা, যা প্রায় ২৮ ডলারের সমান, তুলে নিয়েছেন।
আরো পড়ুন
৯০০ বছর আগে যে পথে বদলে গেল মালদ্বীপ
সালিসু তার আশা প্রকাশ করেছেন যে, বর্তমানে অল্প যে টাকা বিনিয়োগ করছেন, ভবিষ্যতে সেটির মূল্য অনেক বাড়বে। তিনি বলেন, "আমার আশা, আমার এই অল্প টাকা একদিন অনেক বড় হবে। আমি এই সুযোগ হারাতে চাই না। কারণ, আমার পরিচিত অনেক মানুষও বিনিয়োগ করছেন।" শেয়ার বিক্রির প্রক্রিয়া এক মাস চলবে। একজন বিনিয়োগকারীকে কমপক্ষে ১০টি শেয়ার কিনতে হবে, যার জন্য খরচ হবে প্রায় ৪ ডলার। অর্থনীতি ও ব্যবসা বিশেষজ্ঞ ড. আবদুলরাজাক ইব্রাহিম ফাগে এই উদ্যোগকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তবে তিনি নতুন বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "শেয়ারের দাম কমে যেতে পারে। তখন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থের একটি অংশ হারাতে পারেন।"
ফাগে আরও বলেন, যারা প্রথমবার শেয়ার কিনছেন, তাদের উচিত নয় নিজেদের সব সঞ্চয় বিনিয়োগ করা। তিনি পরামর্শ দেন যে, আগামী কয়েক মাসে যে অর্থ প্রয়োজন হতে পারে, সেটিও শেয়ারে বিনিয়োগ না করার। তিনি বলেন, "এমন টাকা বিনিয়োগ করা উচিত, যা আগামী তিন, চার বা পাঁচ বছর না থাকলেও চলবে।" শেয়ার কেনার ক্ষেত্রে প্রতারণা থেকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই বিশেষজ্ঞ। তার আশঙ্কা, শেয়ারবাজার সম্পর্কে ভালোভাবে না জানা মানুষের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি প্রতারণা করতে পারে। ফাগে বলেন, "আমি মানুষকে পরামর্শ দেব, তারা যেন শুধু তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গেই লেনদেন করেন।"
আরো পড়ুন
জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাজি রাশিয়া-ইউক্রেন : ট্রাম্প
নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। তবে দীর্ঘদিন ধরে দেশটি তার প্রয়োজনীয় জ্বালানির বড় অংশ আমদানি করতে বাধ্য হয়েছে। এর প্রধান কারণ ছিল দেশে পর্যাপ্ত তেল শোধনের সক্ষমতার অভাব। এই পরিস্থিতিতে ডাঙ্গোটে শোধনাগার চালু হওয়ার পর দেশটির জ্বালানি খাতে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে শোধনাগারটিতে উৎপাদন শুরু হবে। বর্তমানে নাইজেরিয়ার মোট জ্বালানি চাহিদার ৭০ শতাংশের বেশি এই শোধনাগার থেকে সরবরাহ করা হচ্ছে। শোধনাগারটি বিশ্বের সবচেয়ে বড় শোধনাগারগুলোর মধ্যে একটি। এর নির্মাণে এক দশকেরও বেশি সময় লেগেছে।
৬৭ বছর বয়সী আলিকো ডাঙ্গোটে নাইজেরিয়ার অন্যতম ধনী ব্যক্তি। কানোতে জন্ম নেওয়া এই ব্যবসায়ীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮০০ কোটি ডলার বলে জানিয়েছে ফোর্বস সাময়িকী। সিমেন্ট ও চিনি ব্যবসার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। পরে নাইজেরিয়ার বাইরে আফ্রিকার আরও ১৬টি দেশে তার ব্যবসা ছড়িয়ে পড়ে। তার প্রতিষ্ঠান ডাঙ্গোটে সিমেন্ট বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা ডাঙ্গোটে প্রথম ২০১৩ সালে ঘোষণা করেন। তখন প্রকল্পটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলার। নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। তবে করোনাভাইরাস মহামারির কারণে প্রকল্পটির কাজ আরও পিছিয়ে যায়।
আরো পড়ুন
৯০০ বছর আগে যে পথে বদলে গেল মালদ্বীপ
লাগোসের কাছে লেক্কি মুক্ত বাণিজ্য অঞ্চলে শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের সময় সেখানে বিপুল পরিমাণ জমি ভরাট করতে হয়েছে। এ কাজে প্রায় ৬ কোটি ৫০ লাখ ঘনমিটার বালু সরানো হয়েছে। শোধনাগারটিতে প্রতিদিন ৬ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল শোধন করার সক্ষমতা রয়েছে। সক্ষমতার দিক থেকে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম শোধনাগার। ডাঙ্গোটে শেয়ার বিক্রি করে পাওয়া অর্থ ব্যবহার করে শোধনাগারটির উৎপাদন সক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা করছেন। প্রাপ্ত অর্থ দিয়ে শোধনাগারটির উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন
জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাজি রাশিয়া-ইউক্রেন : ট্রাম্প
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন