প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশি ওয়েব কনটেন্টকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। নেটফ্লিক্সের সঙ্গে নতুন অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের দুইটি আলোচিত প্রযোজনা ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ আন্তর্জাতিক এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের সংগ্রহে যুক্ত হতে যাচ্ছে।
এই চুক্তির আওতায় আগামী দুই বছরের মধ্যে হইচইয়ের প্রশংসিত সিরিজ এবং নতুন মৌলিক গল্পগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য উপলব্ধ হবে। এর ফলে বাংলা ভাষার গল্প এবং নির্মাতাদের কাজ আন্তর্জাতিক পরিসরে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
নেটফ্লিক্সে যুক্ত হতে যাওয়া বাংলাদেশের দুই প্রযোজনার মধ্যে ‘মহানগর’ নির্মাণ করেছেন আশফাক নিপুন। অন্যদিকে, ‘বোহেমিয়ান ঘোড়া’ পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের নির্মাতাদের কাজ তুলে ধরার জন্য এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়াও, হইচইয়ের তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অজানা ছায়া’সহ বেশ কয়েকটি সিরিজ ও চলচ্চিত্র। নতুন মৌলিক কনটেন্টগুলো হইচইয়ের নিজস্ব প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রকাশ করা হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে, হইচই স্টুডিও নতুন কিছু মৌলিক সিরিজ নির্মাণের পরিকল্পনা করছে। পরিচিত গল্পগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার পাশাপাশি নতুন প্রতিভা ও সৃজনশীল কাজকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার উদ্দেশ্য রয়েছে। নতুন প্রযোজনাগুলোর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন