প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন এবং রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে এই ম্যারাথন, যেখানে দেশ ও বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন।
এবারের আয়োজনের মধ্যে দৌড়ের পাশাপাশি মানবিক উদ্যোগও থাকবে। আয়োজকরা জানিয়েছেন, ম্যারাথনের রেজিস্ট্রেশন ফি থেকে সংগৃহীত অর্থের একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে।
মঙ্গলবার দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা এবং রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
আয়োজকরা জানান, এবারের ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ রেস, ১০ কিলোমিটার রেস এবং ১ কিলোমিটার ফ্যামিলি রেস। ফ্যামিলি রেসে শিশুদের পাশাপাশি পরিবারের সদস্যরাও অংশ নিতে পারবেন।
রেস ডিরেক্টর সবুজ শিকদার মন্তব্য করেন, প্রতি বছর রায়পুরা ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এবারের আয়োজনের সঙ্গে মানবিক উদ্যোগ যুক্ত করা হয়েছে।
তিনি জানান, এবারের ম্যারাথনের চ্যারিটি পার্টনার হচ্ছে অরফান লাভ ফাউন্ডেশন। রেজিস্ট্রেশন ফি থেকে সংগৃহীত অর্থের একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে।
আয়োজকরা জানান, ২০২৩ সালে ৪০০ দৌড়বিদ নিয়ে ‘রায়পুরা হাফ ম্যারাথন’ শুরু হয়। ২০২৪ সালে এতে অংশগ্রহণ করেন ৭০০ জন। ২০২৫ সালে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০-এর বেশি। এবার আয়োজকরা আশা করছেন, সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
চারটি ক্যাটাগরির প্রতিযোগিতা এবং মানবিক উদ্যোগের কারণে এবারের রায়পুরা ম্যারাথনকে ঘিরে আয়োজকদের প্রস্তুতি চলছে জোরেশোরে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন