প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিশ্চিয়ানো রোনালদো জানেন, গোল না করেও কিভাবে বিশ্বজুড়ে আলোচনায় থাকা যায়। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় হাতের ইশারা দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা। তাঁর সেই অঙ্গভঙ্গির অর্থ কী, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—এটি কি ক্যারিয়ারের ১০০০ গোলের লক্ষ্যের ইঙ্গিত?
গত ১৬ নভেম্বর, ৪১ বছর বয়সী রোনালদো নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সাদা পোলো শার্ট পরা অবস্থায় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুত একটি সংকেত তৈরি করেন আঙুল দিয়ে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার কি বুঝতে পেরেছ?’ সঙ্গে ছিল হাসির ইমোজি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, রোনালদোর আঙুলের ভঙ্গিটি ইংরেজি বর্ণমালা ‘এম’-এর মতো। রোমান সংখ্যায় ‘এম’ দিয়ে ১০০০ বোঝানো হয়। আবার পর্তুগিজ ভাষায় এক হাজারকে বলা হয় ‘মিল’ (Mil)। তাই অনেকেই মনে করছেন, তিনি নিজের ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যকেই ইঙ্গিত করছেন।
এই ধারণার পেছনে রয়েছে রোনালদোর সাম্প্রতিক গোলের হিসাবও। গত ২৯ অক্টোবর আল খালুদের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে যান। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ১৫ গোল দূরে।
তবে এই ইশারা নতুন নয়। এর আগে আল নাসরের হয়ে গোল উদ্যাপনের সময়ও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাঁকে। গত ২১ অক্টোবর আল নাসরের একটি ম্যাচের পরও এই ইশারা নিয়ে আলোচনা হয়েছিল। এবার রোনালদোর ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও প্রকাশের পর রহস্য আরও বেড়েছে।
আল নাসরও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রহস্যকে উসকে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, ‘এখনো বুঝতে পারোনি?’ তবে রোনালদো কিংবা ক্লাব—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই অঙ্গভঙ্গির অর্থ প্রকাশ করেনি। ফলে ১০০০ গোলের তত্ত্বটি এখনো ভক্তদের অনুমান হিসেবেই রয়ে গেছে।
রোনালদোর সামনে এখন লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক। ৯৮৫ গোল নিয়ে তিনি সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন। রহস্যময় ইশারাটি সত্যিই সেই স্বপ্নের বার্তা কি না, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে রোনালদোর নিজের ব্যাখ্যার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন