প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। নগরীর জনজীবন সকাল থেকেই স্বাভাবিক রয়েছে। মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রয়েছে। দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা বাড়ায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে যানজট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। ব্যবসায়ীরা প্রতিদিনের মতোই তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। কোথাও লকডাউনের প্রভাব তেমনভাবে দেখা যায়নি।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে পুরোনো ভিডিও ও ছবি ছড়িয়ে দিতে দেখা গেছে। এসব পোস্টের ক্যাপশনে ১৯ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। মাঠে কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।
অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে মাঠে রয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা রাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছেন দলগুলোর নেতাকর্মীরা।
নগরীর এক অটোরিকশাচালক রহিম মিয়া জানান, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। দুপুর পর্যন্ত আল্লাহর রহমতে ৫০০ টাকা ভাড়া পেয়েছেন। শহরে মানুষের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। তিনি আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাবই অনুভব করছেন না।
নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ব্যবসায়ী সানু মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলেছেন। দোকানে ক্রেতাদের উপস্থিতিও রয়েছে। বরং অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতা কিছুটা বেশি।
সব মিলিয়ে আওয়ামী লীগের ডাকা লকডাউনে রংপুরের জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। নগরীর দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে।
পুলিশ জানায়, রংপুর মহানগরীতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
তবে এর আগে বুধবার দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া বৃহস্পতিবার ভোররাতে নগরীর টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার পর আর কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন