প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামাস যোদ্ধাদের সামরিক কার্যক্রমের বিষয়ে ইসরাইলি অভিযোগকে যুদ্ধাপরাধ আড়ালের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।
হাসপাতালটিতে ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার পর হামাস এই প্রতিক্রিয়া জানায়।
হামাস টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটি সামরিক অভিযানে ব্যবহারের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর দাবি "আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়ালের নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস যোদ্ধারা হাসপাতালটি সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করেছেন বলে ইসরাইলের দাবি একটি জঘন্য অপরাধকে বৈধতা দেওয়ার স্বচ্ছ প্রচেষ্টা।
হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। তারা ইসরাইলি নেতাদের জবাবদিহির আওতায় আনার এবং তাদের শাস্তি এড়ানোর সুযোগ বন্ধ করার দাবি করেছে।
হামাসের অভিযোগ, দায়মুক্তির কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং চলমান লঙ্ঘন অব্যাহত রাখার সুযোগ পাচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও হাসপাতালে ইসরাইলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। তারা হামলাটিকে "যুদ্ধাপরাধ" হিসেবে অভিহিত করেছে।
এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং এ হামলা "সব আন্তর্জাতিক আইন, মানবিক নীতি ও নৈতিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘন এবং এর পরিণতির জন্য কথিত "শান্তি পরিষদ" সরাসরি দায়ী।
ইসরাইলকে রাজনৈতিক ও সামরিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকেও দায়ী করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, "দায়মুক্তির নীতি ইসরাইলকে আগ্রাসন আরও বাড়াতে উৎসাহিত করছে।"
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতিও আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়। হামলায় কমপ্লেক্সের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরাইলি হামলায় শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরা নিহত হয়েছেন।
হাসপাতালের পরিচালক রায়েদ আল-দাহশান জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র ভবনের ওপর থেকে নিচের দিকে প্রবেশ করে কয়েকটি তলা ভেদ করে। এতে হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বিশেষ করে অস্ত্রোপচার বিভাগ ও আইসিইউতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের অবস্থা বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আল-দাহশান বলেন, "নাসের মেডিকেল কমপ্লেক্স প্রায় ১০ লাখ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে থাকে। অস্ত্রোপচার করা হয়, এমন একমাত্র কমপ্লেক্স এটি।"
গাজায় ইসরাইলের যুদ্ধের কারণে সিভিল ডিফেন্সের ৮৫ শতাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে উদ্ধারকর্মীরা প্রায় কোনো সরঞ্জাম ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন