প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শত বছরের পুরোনো কাইলান্তরি খাল দখল ও ভরাটের ফলে সংকুচিত হয়ে পড়েছে। খালটিতে বিভিন্ন স্থানে পাইলিং ও মাটি ভরাটের কারণে নৌ-চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে স্থানীয় কৃষকসহ শত শত একর ফসলি জমির বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। সময়মতো ফসল বাজারে নিয়ে যাওয়া, কৃষি উপকরণ পরিবহন এবং জরুরি প্রয়োজনে রোগী আনা-নেওয়া এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পান স্বপনদের বাড়ি থেকে বয়াতী বাড়ি হয়ে বারানি খাল ও বেলুয়া নদী পর্যন্ত বিস্তৃত এই জলপথটি দীর্ঘকাল ধরে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় কৃষক স্বপন জানান, উৎপাদিত ধানসহ বিভিন্ন কৃষিপণ্য নৌকায় করে বাজারে নিতে হয়। একইভাবে খেতের জমিতে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ পৌঁছানোর প্রধান মাধ্যমও এই খাল। কিন্তু বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কৃষকদের কৃষিকাজ ও ফসল পরিবহনে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে দুলাল মিয়া বলেন, খালটি সংকুচিত হওয়ায় স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোনো অসুস্থ রোগীকে জরুরি প্রয়োজনে দ্রুত নৌপথে পরিবহন করতে গিয়ে স্বজনদের চরম বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয় কৃষকদের সুনির্দিষ্ট অভিযোগ, হারুন মিয়া খালের মুখসংলগ্ন কিছু জমি ক্রয়ের পর সেখানে বড় বড় গাছ ও বাঁশ দিয়ে খালের মাঝখানে পাইলিং করেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও সব ধরনের নৌযান চলাচলের পথ পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছে।
তবে আনীত অভিযোগের বিষয়ে হারুন মিয়া দাবি করেন, তিনি মূলত নিজের কেনা জমিই ভোগদখলে নিয়েছেন। তিনি জানান, মাপজোখে কেনা জমির সীমানা অনুযায়ী সম্পূর্ণ জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে তিনি পাইলিং দিয়েছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যাবেন বলেও জানান।
এ ব্যাপারে ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল বলেন, বিষয়টি আমি ইতোমধ্যে জানতে পেরেছি। আজ বেলা ১১টায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শত বছরের ঐতিহ্যবাহী এই খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে খালের প্রকৃত সীমানা নির্ধারণ করা হলে নৌ-চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন