প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের কৌতুকশিল্পী সময় রায়না এবং ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের মধ্যে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তাদের একসঙ্গে দেখা যাওয়ার কারণে সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, সময় ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এ ধরনের দাবি করা হয়েছে। তবে বিয়ের গুঞ্জন সম্পর্কে সরাসরি কোনো ঘোষণা না দিয়ে বরং মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা।
রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে সময় রায়না ওই পোস্টের একটি ছবি শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন।’ পোস্টটি শেয়ার করে সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।’
মেধা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও সময়ের সেই স্টোরিটি শেয়ার করেছেন। তিনি সঙ্গে হাসির ইমোজি দেন। পরে অভিনেত্রী আরো একটি মিম শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘ভিত্তিহীন বিয়ের গুঞ্জনগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি।’
কয়েক দিন আগে রেডিটে প্রকাশিত একটি বেনামি পোস্ট থেকেই মূলত তাদের বিয়ের গুঞ্জন ছড়ায়। ওই পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতা নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠজন বলেও দাবি করেন।
পোস্টটিতে আরো বলা হয়, সময় ও মেধা বর্তমানে ছুটিতে রয়েছেন। এমনকি সময় নাকি দ্রুত মেধাকে বিয়ে করতে চান। তবে পোস্টে করা এসব দাবির কোনোটি সময় কিংবা মেধা নিশ্চিত করেননি।
চলতি বছরের শুরুতে সময় ও মেধাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। মেধা সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্বেও অংশ নিয়েছিলেন। সেই পর্বে বরুণ ধাওয়ান, নিশান্ত তানওয়ার ও শ্যারন ভার্মা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সময় ও মেধার সম্পর্ক নিয়েও আলোচনা হয়। তখন সময় মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন।
এদিকে সম্প্রতি সময় ও মেধার সুইজারল্যান্ডে একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের প্রকাশ করা ছবি দেখে ভক্তদের একাংশ এমন ধারণা করেন। যদিও তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কি না, সে বিষয়টিও নিশ্চিত করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন