প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন, যা আগামী ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। সফরের সময় বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন অনুরা কুমারা দিসানায়েকে। সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী বলেও জানান।
এ সময় হুমায়ুন কবির শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথাও তুলে ধরেন। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাক্ষাতের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন