প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক এসব হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এছাড়া, বিবৃতিতে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করেন ইউনূস। তাঁর দাবি, হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের নাশকতা চালানোর জন্য ওপরের কোনো মহল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের বিষয়টি তুলে ধরে তিনি জানান, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, পরিবারের ভরণপোষণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে ব্যাংকটির ওপর হামলা লাখ লাখ নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে তিনি নিজের বিরুদ্ধে ছড়ানো মালিকানা-সংক্রান্ত প্রচারণারও জবাব দেন। ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এর পর থেকে ব্যাংকের পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরো জানান, গ্রামীণ ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা জোরদারের আবেদন জানানো হয়েছে।
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের বাইরেও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন ইউনূস। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দেশের প্রচলিত আইন অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়। এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, তার ওপর সরাসরি আঘাত।
তিনি আরো বলেন, যাঁরা এই কাজের মূল্য বোঝেন, তাঁদের সবার প্রতি আমার আহ্বান, আপনারা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের অবশ্যই দরিদ্র নারীদের ব্যাংক, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হামলার ঘটনাগুলোতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতিতে তিনি দেশ-বিদেশে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন