প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা সদরে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা মাদক কিনতে আসা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামে ফটিক ফকিরের ছেলে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ফজর আলী ও আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার রাতে গাঁজা কিনতে আসা দুই যুবকের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মকবুল জমাদারের ছেলে খুরশিদ আলমকে টর্চলাইটের আলো দেখানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শনিবার রাতে ২০০ থেকে ৩০০ জনের মতো বিভিন্ন বয়সী মানুষ ‘নারায় তাকবীর’ স্লোগান দিতে দিতে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন অভিযোগ করেছেন, রাস্তায় কয়েকজনের সঙ্গে তার স্বামীর বিরোধের কারণে লোকজন বাড়িতে এসে ভাঙচুর চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি নগদ টাকা এবং ফ্রিজে থাকা ডিম, খাবারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।
গাঁজা কিনতে আসার অভিযোগে আটক দুই যুবক হলেন ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের সুজয় সরকারের ছেলে তপন সরকার (২৭) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশ্ব সরকারের ছেলে সাগর সরকার (২৩)। স্থানীয়রা তাদের আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘দুই ব্যক্তি গাঁজা কিনতে এসেছিলেন—এমন অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে রাখে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন